সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে সার্ক
দক্ষিণ এশিয়ায় বাড়তে থাকা সন্ত্রাসী তৎপরতা এ অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সার্কভুক্ত আটটি দেশই সোমবার এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ঘোষণা দিয়েছে।
সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর আট পররাষ্ট্রমন্ত্রীই আগামী মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় দুই দিনের সম্মেলনে এ বিষয়টির উপর বিশেষ জোর দিতে একমত হয়েছেন। নয়াদিল্লি থেকে জানাচ্ছেন সুমন কে চক্রবর্তী।
ভারতের পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেনন জানিয়েছেন, মন্ত্রীরা সন্ত্রাসের বিরুদ্ধে জোর পদক্ষেপ নিতে নিজ নিজ দেশের নেতাদের কাছে বিষয়টি উপস্থাপন করবেন।
তিনি আরও বলেন, “এ ধরনের কঠোর পদক্ষেপ অতীতে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক হবে। এ ছাড়া ভবিষ্যতে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পরিকল্পনা তৈরিতেও সাহায্য করবে।”
তিনি বলেন, “আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থের যোগান বন্ধ করা নিয়েও আমাদের ভাবতে হবে। সহযোগী দেশগুলোর প্রত্যেকটিকেই তা প্রতিরোধে নিজস্ব কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনো কর্মপন্থাকেই আমরা স্বাগত জানাই।”
এদিকে, সোমবারের বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিরা তালেবান জঙ্গিদের দোষারোপ করে বলেন, তারা পাকিস্তানের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে পাকিস্তান এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
