চট্টগ্রামে জশনে জুলুছ শোভাযাত্রায় ‘ইয়া নবী, ইয়া নবী’ রব
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে রোববার চট্টগ্রাম নগরীতে বের হওয়া ঐতিহাসিক জশনে জুলুছ শোভাযাত্রায় হাজারও মানুষের সমাগম ঘটে।
সকাল থেকে দুপুর পর্যন্ত এই শোভাযাত্রায় হাজারও ধর্মপ্রাণ মুসুল্লীর ‘ইয়া নবী, ইয়া নবী’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নগরীর বিভিন্ন অঞ্চল। ট্রাক, মোটর সাইকেল ও বাইসাইকেল নিয়েও অনেকে এই দীর্ঘ শোভাযাত্রায় শরীক হন। রং বেরংয়ের পতাকা শোভিত এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে বহু লোক ভিড় জমায়।
শোভাযাত্রা থেকে ফলমূল, বিস্কুট, খুরমা ও শরবত দিয়ে রাস্তার পাশে জড়ো হওয়া লোকজনকে আপ্যায়ন করা হয়।
দীর্ঘ এই শোভাযাত্রার সময় বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শেষপর্যন্ত অনেককেই শোভাযাত্রায় শরীক হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
শোভাযাত্রা চলাকালীন নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে চট্টগ্রাম মহানগরী পুলিশ। বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে গাড়ি ও সিনজিচালিত অটোরিকশা ও যাত্রীদের তল্লাশি চালানো হয়।
আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার আয়োজনে এই ঐতিহাসিক জশনে জুলুছে প্রতি বছরের মতো এবারও নেতৃত্ব দেন পাকিস্তানের প্রখ্যাত পীর আল্লামা তাহের শাহ (র:)।
রোববার সকালে নগরীর ষোলশহরের আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসা থেকে মিলাদুন্নবির শোভাযাত্রা শুরু হয়। এরপর এটি বিবিরহাট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লাহ, জামাল খান, দামপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহর নামাজের আগে আবার আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রায় ২০ কিলোমিটার শোভাযাত্রা শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা তাহের শাহ।
শোভাযাত্রার পর দুপুর থেকে মাদ্রাসা প্রাঙ্গণে বয়ান ও আলোচনাসভার আয়োজন করা হয়।
মিলাদুন্নবী উপলক্ষে নগরীর সড়কগুলো রং বেরংয়ের কাপড় দিয়ে সজ্জিত করা হয়েছে। কলেমা, নাত ও ইসলামি শ্লোগান লেখা রঙ্গিন কাপড়ে ঝলমল করছে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো।
জশনে জুলুছের পাশাপাশি নগরীর বিভিন্ন দরগাহ শরীফে বিশেষ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় গরীবদের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
