২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁনখারপুলে অগ্নিকাণ্ডে ১০/১৫টি দোকানঘর পুড়ে গেছে

পুরান ঢাকার চাঁনখারপুলের ৬৩-নাজিমউদ্দিন রোডে রোববার সকালে আগুন লেগে ১০/১৫টি দোকানঘর ঘর পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 01:40 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

তবে দমকল বাহিনী এক ঘণ্টার মধ্যেই সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায় নি।

দমকল বাহিনী ও এলাকাবাসী সূত্র জানায়, চাঁনখারপুলের বোরহানউদ্দিন কলেজ সংলগ্ন ৬৩-নাজিমউদ্দিন রোডের কয়েকটি দোকানে সকাল সোয়া ১১টার দিকে আগুন লাগে। এতে পুরানো কাগজ, কার্টন ও বোতলের ১০/১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

সিদ্দিক বাজারের দমকল বাহিনীর সদর দপ্তর এবং পলাশী থেকে গাড়ি এসে সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ সময় চাঁনখারপুল-চকবাজার সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিস হেড কোয়ার্টার থেকে দিলিপ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনের সূত্র সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তারা তথ্য সংগ্রহ করছেন এবং তদন্ত করে দেখবেন। দোকানদাররাও আগুনের সূত্র সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেন নি।

অবশ্য আগুনে ক্ষতিগ্রস্ত তোরাব আলী নামের এক দোকানী জানান, সম্ভবত পেছনের ঘরের কাঠের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।