২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ডিওএইচএস এলাকায় মোবাইল ফোন সার্ভিস বন্ধ

বনানী, মহাখালী এবং বারিধারায় ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি (ডিওএইচএস) এলাকায় রোববার সকাল থেকে মোবাইল ফোন সার্ভিস বন্ধ করে দিয়েছে ঢাকা সেনাননিবাস কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু সাঈদ খান, প্রযুক্তি সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এর ফলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের এই আবাসন এলাকার দুই লাখেরও বেশি গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না কিংবা সেবা পাওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। যারা ওইসব এলাকায় যাচ্ছেন তাদেরও একই সমস্যায় ভুগতে হচ্ছে।

গ্রামীণফোনের মহাব্যবস্থাপক সৈয়দ ইয়ামিন বখ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যান্টনমেন্ট বোর্ডের সাম্প্রতিক এক নির্দেশে বনানী, মহাখালী এবং বারিধারায় অবস্থিত ডিওএইচএস এলাকার সব বেজ স্টেশন ১ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।”

ডিওএইচএস এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ কেন দেওয়া হলো সেব্যাপারে কোন ধারণা নেই বলে জানান ইয়ামিন বখ্ত।

কার্যক্রম শুরুর পর থেকে মোবাইল কোম্পানিগুলো ঢাকার বিভিন্ন এলাকার মতো ডিওএইচএস এলাকারও বেশ কয়েকটি বাড়ির ছাদ ভাড়া নিয়ে তাদের নেটওয়ার্ক স্থাপনা বসায়।

গত অক্টোবরে কোন কারণ ব্যাখ্যা না করে ঢাকা সেনানিবাসের দায়িত্বশীল কর্মকর্তা ডিওইচএস এলাকাগুলোর বাড়ির মালিকদের তাদের বাড়ির ছাদ থেকে তিন মাসের ভেতর মোবাইল নেটওয়ার্ক স্থাপনা সরিয়ে ফেলতে বলেন।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সেনানিবাস কর্তৃপক্ষের এই আদেশ মোবাইলফোন কোম্পানিগুলোকে জানায়।

মোবাইলফোন প্রতিষ্ঠানগুলো এই আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানালে সেনানিবাস কর্তৃপক্ষ সিদ্ধান্তের ব্যাপারে অনড় থাকে তবে সময়সীমা এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।

রোববার সকালে ডিওএইচএস এলাকাগুলোয় টেলিটকের একটি, গ্রামীণফোনের নয়টি, একটেলের পাঁচটি, বাংলালিংকের পাঁচটি এবং সিটিসেলের পাঁচটি বেজ স্টেশন বন্ধ হয়ে যায়। এতে প্রায় সঙ্গে সঙ্গেই বনানী, মহাখালী এবং বারিধারা ডিওএইচএস এলাকায় মোবাইলফোন সার্ভিস ভেঙ্গে পড়ে। বহুতল ভবনের নিচ তলার অধিবাসীরা সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছেন। ওপর তলার লোকজন খুব ক্ষীণভাবে নেটওয়ার্ক পাচ্ছেন।

এরপর থেকে ওই সব এলাকার গ্রাহকদের শত শত অভিযোগ পেতে থাকে মোবাইল ফোন কোম্পানিগুলো। গ্রাহকদের শান্ত করতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইলফোন কোম্পানির গ্রাহক সেবা বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাড়ির মালিকদের বিশ্বাস করাতে পারছি না যে ডিওএইচএস এলাকাগুলো থেকে মোবাইল নেটওয়ার্ক স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তাদের সাবেক নিয়োগদাতারা (সেনা কর্তৃপক্ষ) আমাদের নির্দেশ দিয়েছে।

মোবাইল সার্ভিসে ক্ষেত্রে বিঘ্ন ঘটায় এরইমধ্যে ডিওএইচএস-র বাড়ি মালিকরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির ভাবনায় পড়েছেন। কেউ কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন এবং ফ্ল্যাট ভাড়া দিয়ে সেই ঋণ পরিশোধ করছেন। অন্যরা নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

এখন তারা তাদের সম্পত্তির মুল্য পড়ে যাওয়ার ভয়ে আছেন। বারিধারা ডিওএইচএস এলাকার নির্মাণাধীন এক অ্যাপার্টমেন্টের মালিক আক্ষেপ করে বলেন, “মোবাইল সংযোগ ছাড়া এ এলাকায় কে থাকতে আসবেন?”

বারিধারার ডিওএইচএস-এ বেসামরিক ভাড়াটিয় ফাহিম তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোবাইল সার্ভিস ঠিক না হলে আমি অবশ্যই এলাকা ছেড়ে যাব।”

একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত এই তরুণ আরও বলেন, দুই বছর আগে কেনা ফ্লাটটি বিক্রি করে দিতে তিনি বাবাকে বলবেন। তিনি বলেন, “এটা একুশ শতক এবং কর্তৃপক্ষের এ ব্যাপারটি উপলব্দি করা উচিত।”

এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকা ক্যান্টনমেন্টের নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মাত্র পাঁচ দিন আগে যোগদান করেছি। এ ব্যাপারে কিছুই জানি না।”

রোববার সরকারি ছুটি থাকায় ফাইল না দেখে সোমবারের আগে বনানী, বারিধারা, ডিওএইচএস এবং মহাখালী এলাকায় মোবাইলফোন সেবা বন্ধের ব্যাপারে কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে হামিদুর রহমান জানান।