মুক্তিপণ না পেয়ে নারায়ণগঞ্জে অপহৃত স্কুলছাত্রকে হত্যা
সিদ্ধিরগঞ্জে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে সন্ত্রাসীরা স্কুলছাত্র আশরাফুল ইসলাম তুহীনকে (১৫) হত্যা করেছে। শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলার সদাসদি ইউনিয়নের মেনুলকান্দি কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তুহীন সিদ্ধিরগঞ্জের গোদনাইলের চিত্তরঞ্জন কটন মিল হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। তার বাবা নজরুল ইসলাম আড়াইহাজার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
গত ২৫ মার্চ রোববার বিকেল ৩টায় তুহীন সিদ্ধিরগঞ্জের গোদনাইলের আরামবাগের বাসা থেকে বের হওয়ার পর তুহীনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার রাতে ফোন করে তুহীনের বাবার কাছে সন্ত্রাসীরা মুক্তিপন বাবদ ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এর পর তুহীনের বাবা বাদী হয়ে ওই রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার এসআই আশরাফ আলী জানান, সদাসদি ইউনিয়নের মেনুলকান্দি কবরস্থানের পাশে মান্নানের জমিতে শনিবার পিছমোড়া করে হাত বাঁধা অবস্থায় তুহীনের লাশ পাওয়া যায়। তার গলায় ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া জখম রয়েছে মাথার ডানপাশে।
পুলিশের ধারণা শুক্রবার গভীর রাতে অথবা এর পরে কোনো এক সময়ে তুহীনকে হত্যা করা হয়।
লোক মারফত খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেখানেই ছেলের লাশ সনাক্ত করেন নজরুল ইসলাম।
এদিকে, তুহীনের লাশ উদ্ধারের খবর বাসায় পৌঁছলে তার মা, বাবা, অপর দুই ভাইসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় সান্ত্বনা জানানোর ভাষা ছিল না প্রতিবেশীদের মুখে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মিঞা জানান, কারা-- কী উদ্দেশ্যে তুহীনকে অপহরণ করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
