হিযবুত তাহরীরের ২২ সদস্যকে আদালতে প্রেরণ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা মৌলবাদী ইসলামিক সংগঠন হিযবুত তাহরীরের ২২ সদস্যকে শনিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
শনিবার সকাল ১০ টায় মোহাম্মদপুর থানা থেকে তাদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এবং পরে সেখান থেকে দুপুর একটায় সিএমএম আদালতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের আজিজ মহল্লার একটি বাড়ি থেকে পুলিশ মৌলবাদী ইসলামিক সংগঠন হিযবুত তাহরীরের ২২ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ ‘জেহাদী’ পোস্টার, লিফলেট, সিডি ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
পুলিশ সেখান থেকে সংগঠনের সদস্য মোঃ ইমরান, মোঃ রবিউল, মোঃ মোদাচ্ছের, ফয়সাল বিন ইসলাম, ওয়াহিদুর রহমান, সাবের ইসলাম, সামিউল হক, আসিফ আহম্মেদ, তানভীর হাসান, মোঃ তারেক, সাহেদ খান, নাদিরুজ্জামান পাভেল, নাজিম মোহাম্মদ ফয়সাল, সালাউদ্দিন সোহাগ, আসিফ হাসান, আসিফ ইকবাল, রায়হান শিকদার, ফয়সাল ইবনে শাহাজাদা, আহমেদ সাইদ আরিফি, খালেদ জামিল চৌধুরী, সোহাগ হাফিজ এবং ফায়জুর রহমানকে গ্রেপ্তার করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান নফহবংি২৪.পড়স কে জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জেহাদী বই-পুস্তক উদ্ধার হওয়ায় গ্রেপ্তারকৃতরা ইসলামিক জঙ্গি সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। জরুরি অবস্থা ভঙ্গ করে গোপন রাজনৈতিক সভা করার অপরাধে জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
