২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হিযবুত তাহ্রীরের ২২ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লার একটি বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ মৌলবাদী ইসলামিক সংগঠন হিযবুত তাহরীরের ২২ সদস্যকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 11:07 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এ সময় বিপুল পরিমাণ ‘জেহাদী’ পোস্টার, লিফলেট, সিডি ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করেছে। তাদের বিরুদ্ধে জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ এর ধারায় মামলা দায়ের করা হবে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আজিজ মহল্লার একটি বাড়িতে অভিযান চালায়। ভবনটির চারতলায় জনৈক রিপনের বাসায় এ সময় হিযবুত তাহরীরের সদস্যরা রাজনৈতিক আলোচনা করছিলেন।

পুলিশ সেখান থেকে সংগঠনের সদস্য মোঃ ইমরান, মোঃ রবিউল, মোঃ মোদাচ্ছের,  ফয়সাল বিন ইসলাম, ওয়াহিদুর রহমান, সাবের ইসলাম, সামিউল হক, আসিফ আহম্মেদ, তানভীর হাসান, মোঃ তারেক, সাহেদ খান, নাদিরুজ্জামান পাভেল, নাজিম মোহাম্মদ ফয়সাল, সালাউদ্দিন সোহাগ, আসিফ হাসান, আসিফ ইকবাল, রায়হান শিকদার, ফয়সাল ইবনে শাহাজাদা, আহমেদ সাইদ আরিফি, খালেদ জামিল চৌধুরী, সোহাগ হাফিজ এবং ফায়জুর রহমানকে গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর থানা হাজতে গ্রেপ্তারকৃত আসিফ হাসান এবং নাজিম ফয়সাল সাংবাদিকদের কাছে দাবি করেন, তারা শুধুমাত্র বিভিন্ন অনৈসলামিক কর্মকান্ডের বিরোধীতা করে থাকেন। কোন প্রকার জঙ্গি কর্মকান্ডের সঙ্গে জড়িত নন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান নফহবংি২৪.পড়স কে বলেন, “ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জেহাদী বই-পুস্তক উদ্ধার হওয়ায় গ্রেপ্তারকৃতরা ইসলামিক জঙ্গি সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। জরুরি অবস্থা ভঙ্গ করে গোপন রাজনৈতিক সভা করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়েরে হচ্ছে।”