২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি মেয়রের দায়িত্ব নিয়েছেন কমিশনার মঞ্জু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন ওয়ার্ড কমিশনার এম মনজুর আলম মঞ্জু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শুক্রবার বিকালে পৌনে ৪টায় দায়িত্ব নেওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র বলেন, “সিটি কর্পোরেশনের অতীতের সব অনিয়ম খতিয়ে দেখা হবে। এসব অনিয়মে কর্পোরেশনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকদের তিনি আরো বলেন, “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আগের মতো করে সিটি কর্পোরেশন পরিচালনার কোনো সুযোগ নেই। এখন থেকে আরো দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কর্পোরেশন পরিচালনা করা হবে।”

১০ নম্বর উত্তর কাট্টলীর ওয়ার্ড কমিশনার মনজুর আলম মঞ্জু বলেন, “ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের কেউ স্ব--স্ব দায়িত্ব পালনে অবহেলা করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গত ৭ মার্চ সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব। বর্তমানে তিনি বান্দরবান কারাগারে আটক আছেন। বৃহস্পতিবার বিকালে মেয়র ওয়ার্ড কমিশনার মনজুর আলম মঞ্জুকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য চিঠি দেন। এরই ভিত্তিতে কমিশনার মঞ্জু শুক্রবার বিকালে দায়িত্ব গ্রহণ করেন। 

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ওয়ার্ড কমিশনারদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মেয়রকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন গোলাম হায়দার মিন্টু, ইকবাল হাফিক উল¬্যাহ, এড. রেহেনা কবির রানু, শহিদুল আলম প্রমুখ। এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল, সচিব ইমতিয়াজ হোসেন বাবুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।