দুবাইয়ের দুর্ঘটনায় বিকল এয়ারবাসটি ‘পরিত্যক্ত’
দুই সপ্তাহ আগে দুবাইয়ে দুর্ঘটনা কবলিত বিমানের নিজস্ব উড়োজাহাজটি একেবারেই অকেজো হয়ে গেছে। বিমানের প্রকৌশলীরা প্রাথমিক তদন্ত শেষে এয়ারবাসটিকে ‘পরিত্যক্ত’ ঘোষণা করেছেন।
বিমানের প্রকৌশল বিভাগের একজন কর্মকর্তা সোমবার নফহবংি২৪.পড়স কে জানান, দুর্ঘটনার কারণে উড়োজাহাজটির একটি ইঞ্জিন সম্পূর্ণ এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সম্প্রতি বিমানের প্রকৌশলীরা প্রাথমিক তদন্ত শেষে কর্তৃপক্ষকে জানিয়েছেন।
তিনি জানান, তারা তদন্ত করে দেখেছেন, দুর্ঘটনার ফলে এয়ারবাসটির ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এর ফলে বিপন্ন হয়ে পড়েছে এর যাত্রী নিরাপত্তা। তবে বিমানের বীমা সংস্থা এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মতামত দেয়নি।
এদিকে সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ফ্লাইটটির ১৮ জন ককপিট ও কেবিন ক্রু আবারও তাদের স্বাভাবিক পেশায় ফিরে যেতে পারবেন। প্রাথমিক তদন্ত শেষে দুবাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ক্রুদের ওপর আরোপিত সব ধরনের বিধি --নিষেধ তুলে নিয়েছে।
প্রসঙ্গত, বিমানের লন্ডন -- দুবাই -- ঢাকা রুটের ফ্লাইট বিজি -- ০০৬ গত ১২ মার্চ দুবাই ছেড়ে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা কবলিত বিমানটিতে চালক ও ক্রুসহ মোট ২৩৬ জন আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় উড়োজাহাজের ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
জাতীয় পতাকাবাহী বিমান পাঁচটি ডিসি -- ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ -- ২৮ উড়োজাহাজ দিয়ে ২২টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করছে।
