প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে যশোরে অস্ত্রসহ তিনজন আটক
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক হয়েছে যশোর সদরের তিন ব্যক্তি। তাদের কাছ থেকে একটি দোনলা সার্টারগান উদ্ধার করা হয়েছে।
এরা হচ্ছে মাহিদিয়া গ্রামের হারুন অর রশিদ মামুন, আবদুর রহিম ও গোয়ালদহ বাজার এলাকার মফিজুর রহমান মফি। শনিবার রাতে তাদের আটকের পর রোববার ভোরে তাদের কোতয়ালি থানায় সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, মাহিদিয়া এলাকার হাদিউজ্জামান হাদির সঙ্গে একই এলাকার হারুন অর রশিদ মামুনের জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে হাদির বাড়িতে অস্ত্র আছে বলে মামুন স্থানীয় যৌথবাহিনী ক্যাম্পে খবর দেয়।
শনিবার যৌথবাহিনী হাদির বাড়িতে তল্লাশি চালানোর একপর্যায়ে মামুন সার্টারগানটি হাদির বাড়ির পাশের মুরগি ফার্ম থেকে খুঁজে বের করে। এতে যৌথবাহিনীর সদস্যদের সন্দেহ হলে তারা মামুনকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সে জানায়, আবদুর রহিম ও মফির সহায়তায় অস্ত্রটি হাদির বাড়ির পাশে রাখা হয়েছিল।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
