বার্ড ফ্লু নিয়ে চট্টগ্রামে সতর্কাবস্থা
চট্টগ্রামে বার্ড ফ্লু নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে জেলা প্রশাসন সর্তকতা জারি করেছে। জেলার সব হ্যাচারি ও মুরগির ফার্মকে ভাইরাসজনিত এ রোগের প্রার্দুভাব ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও পশু সম্পদ বিভাগ।
চট্টগ্রাম জেলা প্রশাসক আল নূরী ফয়েজুর রেজা নফহবংি২৪.পড়স কে জানান, জেলার সব উপজেলা পশু সম্পদ অফিসকে তৎপর থাকার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি জানান, হ্যাচারি এবং মুরগির খামারগুলোতে বার্ড ফ্লু সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত যাতে পুরোপুরি বাস্তবায়িত হয় সেজন্য পশু সম্পদ কর্মকর্তাদের পরিস্থিতি মনিটরিং করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ফয়েজুর রেজা বলেন, “জেলার কোথাও এখন পর্যন্ত বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি। তাই আতংকিত হওয়ার কোনো কারণ নেই।”
এদিকে জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক খান জানান, পরিস্থিতি মোকাবেলার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নগরীর তিনটি থানা পশু সম্পদ অফিস এবং ১৪টি উপজেলার পশু সম্পদ অফিসের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে।
বার্ড ফ্লু সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের বাজারগুলোতে মুরগি বিক্রি কমে গেছে। কাজীর দেউড়ী বাজারের মুরগি বিক্রেতা আব্দুল আউয়াল জানান, গত দুইদিন সকালে যে পরিমান মুরগি বিক্রি হয়েছে আজ (শনিবার) তা হঠাৎ কমে গেছে।
গত কয়েকদিনে চেয়ে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা করে দাম কমে গেলেও ক্রেতাদের আগ্রহ কমে গেছে আশংকাজনকভাবে। গত সপ্তাহ জুড়ে মুরগির কেজি ছিল গড়ে ১০০ টাকা। শনিবার সকালে তা নেমে গেছে ৮৫ থেকে ৯০ টাকায়।
