২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ৪৭ ভাগ নারী শারীরিক নির্যাতনের শিকার: সেমিনারে বক্তারা

নারীর ওপর শারীরিক নির্যাতন চালানোর দিক থেকে বাংলাদেশের স্থান বিশ্বে দ্বিতীয়। ৪৭ শতাংশ নারী বাংলাদেশে এ ধরনের নির্যাতনের শিকার হন। শহরাঞ্চলে স্বামীর হাতে নির্যাতিত হন ৬০ শতাংশ, যৌন হয়রানির শিকার হন ২০ শতাংশ ও ইভ টিজিং বা মৌখিক নিপীড়নের শিকার হন ৬৭ শতাংশ নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 02:01 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

একশন এইড বাংলাদেশ ও জেন্ডার ইন মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে শনিবার ছায়ানট ভবনে অনুষ্ঠিত “জেন্ডার অথিকার ও গণমাধ্যম” শীর্ষক এক সেমিনারে উপস্থাপিত গবেষণা প্রবন্ধে এসব তথ্য জানানো হয়েছে।

প্রবন্ধ উপস্থাপন করেন নারী সাংবাদিক কেন্দ্রের প্রেসিডেন্ট নাসিমুন আরা হক মিনু ও স্টেপস টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের (এসটিডি) কর্মসূচি কর্মকর্তা নাজনীন শিফা।

এতে বলা হয়, কর্মক্ষেত্রে বাংলাদেশের ৬২ শতাংশ নারীশ্রমিককে নিয়োগপত্র দেওয়া হয় না। ন্যূনতম মজুরি সম্পর্কে ৫৮ ভাগ নারীর কোনো ধারণা নেই। শতকরা ৮০ ভাগ বেসরকারি খাতে কর্মরত নারীদের ক্ষেত্রে মানা হয় না মাতৃত্ব কল্যাণ আইন।

গবেষক নাজনীন শিফা জানান, পেশাগত রাজনীতিতে পুরুষের অবস্থান যেখানে ৭২ ভাগ সেখানে নারীর অবস্থান মাত্র ২৮ ভাগ। ইউনিয়ন পরিষদে নারীরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেও তাদের হাতে প্রকৃত ক্ষমতা নেই বললেই চলে।

নাসিমুন আরা হক জানান, গণমাধ্যমে নারী কর্মীদের সংখ্যা পুরুষের এক--তৃতীয়াংশ। বর্তমানে ঢাকায় কর্মরত সাংবাদিকের সংখ্যা প্রায় ২০০০, অন্যদিকে নারী সাংবাদিকের সংখ্যা মাত্র ১৫০ জন।

একশন এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শোয়েব সিদ্দিকী বলেন, নারী ও পুরুষের সাম্য নিশ্চিত করতে মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন কাঠামোগত পরিবর্তনও। এই দুই ক্ষেত্রে একযোগে পরিবর্তনের জন্য প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতিমালা ও তা বাস্তবায়নে সবার নিশ্চিত অংশগ্রহণ।

সেমিনারে ঢাবির গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মফিজুর রহমান বলেন, নারী--পুরুষের সমতা প্রতিষ্ঠায় গণমাধ্যমকে জেন্ডার সংবেদনশীল করতে হবে। এর পাশাপাশি সমাজে বিদ্যমান নারী--পুরুষের বৈষম্যের দিকগুলোও তুলে ধরতে হবে গণমাধ্যমে। 

এসটিডির নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকারের উপস্থাপনায় সেমিনারে নিউএজ এর সম্পাদক নুরুল কবীর, পিআইবি’র ঊর্ধ্বতন গবেষনা কর্মকর্তা সীমা মোসলেম, পাক্ষিক অনন্যার উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার, জেন্ডার ইন মিডিয়া ফোরামের আহ্বায়ক সেলিনা হোসেন, নাট্যকর্মী আফসানা মিমি উপস্থিত ছিলেন।