পটুয়াখালীতে কাবিখার ১০৭৬ বস্তা চাল আটক
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন আড়তে যৌথবাহিনী শুক্রবার অভিযান চালিয়ে ১ হাজার ৭৬ বস্তা চাল আটক করেছে। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় বিতরণের জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।
শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত চালানো অভিযানে অবৈধ মজুদের দায়ে আড়তগুলো সিলগালা করে দিয়েছে যৌথবাহিনী।
র্যাব--৮ এর পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ জানান, অভিযানের সময় সোনালী ট্রেডার্সের গলাচিপা ও উলানীয়া আড়ত থেকে ৫৩০ বস্তা, সততা ট্রেডার্সের গুদাম থেকে ১৭৮ বস্তা, মৌডুবী ট্রেডার্স থেকে ১৭৪ বস্তা, সজল ঠাকুরের আড়ত থেকে ৭২ বস্তা ও গলাচিপা থানা সংলগ্ন প্রিয় লালের আড়ত থেকে ১২২ বস্তা চাল আটক করা হয়েছে।
সূত্র জানায়, প্রশাসনের সিদ্ধান্ত পেলে আটক চালগুলো খোলাবাজারে বিক্রি করে দেওয়া হবে।
