মরে যাচ্ছে পদ্মা
এক সময়কার প্রমত্তা পদ্মার বুক জুড়ে এখন ধু--ধু বালুচর। পানি প্রবাহ কমে যাওয়ায় পদ্মা তার সব ঐতিহ্য হারিয়ে এখন মৃতপ্রায়। বিশেষজ্ঞরা বলেছেন, ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। পদ্মার ২৫টি শাখা নদী এরই মধ্যে শুকিয়ে গেছে। পরিবর্তন ঘটছে জীব বৈচিত্র্যে। এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচশ প্রজাতির মাছের। বিস্তারিত জানাচ্ছেন এম আব্বাস
পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তির পর প্রথম পাঁচ বছর মোটামুটি পানি প্রবাহ পাওয়া গেছে। তবে গত পাঁচ বছরে চুক্তি অনুযায়ী পানি পায়নি বাংলাদেশ।
চুক্তি অনুযায়ী ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত পানি প্রবাহ ৭০ হাজার কিউসেক অথবা তার নিচে হলে ভারত ও বাংলাদেশ সমান পানি পাবে। ৫০ হাজারের নিচে নামলে দুই দেশ আলোচনার মাধ্যমে পানি সরবরাহ বণ্টন করে নেবে। কিন্তু পদ্মার পানিবণ্টন নিয়ে যৌথ নদী কমিশন কয়েক দফা আলোচনা করলেও শেষ পর্যন্ত তার কোনটিই ফলপ্রসু হয়নি।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতার কারণেই গত কয়েক বছরে আলোচনা ফলপ্রসু হয়নি।
যৌথ নদী কমিশনে বাংলাদেশ দলের প্রধান আবদুল বাকি মিয়া নফহবংি২৪.পড়স --কে জানান, কয়েক বছর ধরেই পানি প্রবাহ কম। চলতি শুষ্ক মৌসুমে পরিস্থিতি খুবই নাজুক। জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসে চুক্তির চেয়ে অনেক কম পানি পাওয়া গেছে। জানুয়ারি মাসে প্রথম কিস্তিতে বাংলাদেশ পানি পেয়েছে মাত্র ৩৭ হজার ৯৬৬ কিউসেক। অথচ এ সময় পানি পাওয়ার কথা ছিল ৬৭ হাজার ৫১৬ কিউসেক।
ফেব্র“য়ারিতে ফারাক্কা থেকে পানি পাওয়ার কথা ছিল ৮০ হাজার ৪৭১ কিউসেক। কিন্তু প্রথম ১০ দিনে ৪০ হাজার ৪৯৫ কিউসেক, পরবর্তী ১০ দিনে ৩৭ হাজার ৩৮৩ কিউসেক এবং শেষ ৮ দিনে ৫৩ হাজার ৯২৯ কিউসেক পানি পাওয়া গেছে। অর্থাৎ অর্ধেকেরও কম পানি পেয়েছে বাংলাদেশ ।
মার্চ মাসের দ্বিতীয় কিস্তিতে ফারাক্কার ১২, ১৩ এবং ১৪ নং স্প্যান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ সময় বাংলাদেশের ৫৭ হাজার কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও পেয়েছে মাত্র ৪২ হাজার ৯শ ২৩ কিউসেক। জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে কম সরবরাহ পেলেও পানিবণ্টন নিয়ে দু’দেশের কোনো পর্যায়েই আলোচনা হয়নি।
এদিকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানি না পাওয়ায় ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পদ্মার রাজশাহী পয়েন্টে বর্ষা মৌসুমে মাত্র একবার পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত বছর বর্ষা মৌসুমেও পদ্মায় পানি ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। ১৯৯৩ সালে একইভাবে বাংলাদেশ অস্বাভাবিক কম পানি পাওয়ায় দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প গঙ্গা--কপোতাক্ষ (জিকে প্রজেক্ট) শুষ্ক মৌসুমে চালু করা যায়নি।
২০০১ থেকে চলতি বছরের মাঝে শুধু ২০০৩ সালে ১৯ সেপ্টেম্বর রাজশাহী পয়েন্টে পদ্মার পানি সর্বোচ্চ ১৮ দশমিক ৮৫ মিটার উচ্চতায় উঠেছিল। আর কোনো বছরেই পানি বিপদসীমা ১৮ দশমিক ৫০ মিটার ছুঁতে পারেনি। এ ছাড়া গত পাঁচ বছরে রাজশাহীর সরদহ পয়েন্টে পদ্মার পানি একবারের জন্যও বিপদসীমা ছুঁতে পারেনি। সরদহ পয়েন্টে পানির অভাবে পদ্মার গুরুত্বপূর্ণ শাখা নদী বড়ালে গত পাঁচ বছর ধরে একেবারেই শুষ্ক। এটি এখন মরা নদী হিসেবেই পরিচিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক রেজওয়ানুর রহমান এ ব্যাপারে বলেন, দীর্ঘদিন পদ্মায় পানি না থাকায় চর জেগে উঠেছে। এখন পদ্মার চর রাজশাহী নগরীর সমতলের প্রায় সমান উচ্চতায় পৌঁছে গেছে। এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে পদ্মা জুড়ে থাকবে শুধু ধু--ধু বালুচর। কোথাও কোথাও বিল বা ঝিলের আকার নেবে এককালের প্রমত্তা পদ্মা। এর বুক জুড়ে চলবে চাষাবাদ।
তিনি আরও জানান, পদ্মায় পানি না থাকায় রাজশাহীর পরিবেশে বিপর্যয় ঘটছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। পদ্মা নদীতে আগে ছয়শ প্রজাতির মাছসহ বিভিন্ন প্রাণীর অস্তিত্ব ছিল। অথচ পানি না থাকায় তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬০ টিতে। পদ্মা নদী থেকে ঘড়িয়াল, শুশুক বিলুপ্ত হয়ে গেছে। এখন আর সেখানে আসে না ইলিশের ঝাঁক।
পানি প্রবাহ কমে যাওয়ায় বড়াল, মাথাভাঙ্গা, আড়িয়াল খাঁ, চিত্রা, গড়াই ও পাগলাসহ পদ্মার প্রায় ২৫ টি শাখা নদী মরে গেছে বলে জানান অধ্যাপক রেজাওয়ানুর রহমান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সাব্বির সাত্তার তাপু জানান, পদ্মায় পানি না থাকায় এ অঞ্চলে ভূ--গর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক হারে নিচে নেমে গেছে। যার ফলে এই অঞ্চল মরু এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। শীতকালে বেশি শীত আর গরমকালে অতিরিক্ত গরম পড়ছে রাজশাহী অঞ্চলে। পরিবেশের বিভিন্ন ধরনের বিপর্যয় ঘটছে কেবল পদ্মায় পানি না থাকার কারণে।
অন্যদিকে স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞ ড. চিন্ময় কান্তি দাস জানান, পদ্মায় পানি শুন্যতা রাজশাহী অঞ্চলকে ধুলিময় করে তুলেছে। এ কারণে রাজশাহী অঞ্চলের লোকজন হাঁপানীসহ নানা রোগে ভুগছে। মাথা ব্যাথা রাজশাহী অঞ্চলের মানুষের মধ্যে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
পদ্মাকে বাঁচানোর দাবি এখন রাজশাহীর সব মহলে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি কার্যকর করা না গেলে অচিরেই পদ্মা পরিণত হবে মৃত নদীতে। এর প্রভাবে শুধু রাজশাহী অঞ্চল নয়, বিপর্যয়ের মুখে পড়বে পুরো বাংলাদেশ। এই বিপর্যয় রোধ করতে হলে এখনই রাষ্ট্রীয়ভাবে সুষ্ঠু পানিবণ্টনের ব্যাপারে ভারতের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
