পাবনায় চরমপন্থিদের গুলিতে একজন নিহত
পাবনার আতাইকুলার গঙ্গারামপুর বাজারে চরমপন্থিরা গুলি করে হত্যা করেছে একজনকে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন একজন সাইকেলযাত্রীসহ দুজন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় গঙ্গারামপুরের আড়তদার ইয়াসিন আলী বাজার থেকে বাড়ি ফেরার পথে চরমপন্থি দল সর্বহারা সদস্যরা তাকে ঘেরাও করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে পালাতে গেলে সর্বহারা সদস্যরা ইয়াসিন আলীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ইয়াসিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তালাইমারি মোড়ে ইয়াসিনকে বহনকারী মাইক্রোবাসটি একটি সাইকেলের সঙ্গে ধাক্কা খেলে আহত হয় সাইকেলযাত্রী বুলবুল এবং মাইক্রোবাসটির চালক ইমরান। এদের মধ্যে বুলবুলের অবস্থা আশংকাজনক।
আহত বুলবুলের ভাই মো. জামাল এ ব্যাপারে রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার এসআই সাইফুল।
এছাড়া পাবনার আতাইকুলার থানা পুলিশের বরাত দিয়ে সাইফুল আরও জানান, সেখানে একটি অপমৃত্যু সংক্রান্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
