২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য সরবরাহের অবিরাম প্রবাহ নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা

পণ্য সরবরাহের অবাধ ও অবিরাম প্রবাহের উপর গুরুত্ব আরোপ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। রোববার খুলনায় একদিনের সফরে এসে স্থানীয় সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পণ্য সরবরাহ ব্যাহত করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। (আরো তথ্যসহ)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 05:43 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

পণ্যের দাম জনসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

যেসব গুদাম সিল করা হয়েছে সেসব গুদামও খুলে দেওয়ার আহবান জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “কিছু অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যাতে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন সেদিকেও আপনাদের  নজর রাখতে হবে।”

অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের জনগণের স্বার্থে একটি অবাধ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, “ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন একটা ছকের মধ্যে দিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করছে।”

কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য সরকারি কর্মকর্তারা কাজ করবে না। আপনারা দেশের জনগণের জন্য কাজ করবেন।

ড. ফখরুদ্দীন আহমদ রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে সকাল ১০টা ১০ মিনিটে খুলনায় পৌঁছান।

খুলনা সার্কিট হাউজে সকাল সাড়ে দশটায় তিনি খুলনা বিভাগের কমিশনার ও জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব, সেনা বাহিনী, বিডিআর আনসারের উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।