২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৩২ টি প্রতিষ্ঠানের ২৮টিই এখন বন্ধ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৩২টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ২৮টি--ই এখন বন্ধ। ফলে মুক্তিযোদ্ধারা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা, শিক্ষা, বিবাহ ভাতা, মৃত্যুর পর দাফন--কাফন খরচ, গরীব মুক্তিযোদ্ধাদের এককালীন সাহায্যসহ বিভিন্ন আর্থিক অনুদান থেকে। অদক্ষতা, দলীয়করণসহ নানা অনিয়মই এর মুল কারণ বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন এহেছান লেনিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 03:48 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৩২টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ২৮টি--ই এখন বন্ধ। একারণে মুক্তিযোদ্ধারা বঞ্চিত হচ্ছেন চিকৎসা, শিক্ষা, বিবাহ ভাতা, মৃত্যুর পর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দাফন--কাফন খরচ, গরীব মুক্তিযোদ্ধাদের এককালীন সাহায্যসহ বিভিন্ন আর্থিক অনুদান থেকে। অদক্ষতা, দলীয়করণসহ নানান অনিয়মই এর মুল কারণ বলে জানা গেছে।

নফহবংি২৪.পড়স-- এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে ২০০১ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত হওয়ার পর থেকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নানা অনিয়ম ও যথেচ্ছাচারের কাহিনী।

কল্যাণ ট্রাস্টের উচ্চপদে এক কর্মকর্তা বলেন হরদেও গ্লাস ও অ্যালুমিনিয়াম ওয়ার্কস প্রতিষ্ঠানটি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মালিকানায় ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এ খাত থেকে পাওয়া অর্থের মধ্যে চার কোটি টাকা লুটপাট হয়ে যাওয়ায় শেষপর্যন্ত তা হাতছাড়া হয়ে যায় ট্রাস্টির। এ ছাড়া মিলের পরিত্যক্ত জায়গায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নামে বিতরণের জন্য রাজধানী সুপার মার্কেট নির্মাণ করা হলেও এর এক হাজার ৮০০টি দোকানের কোন দোকানই মুক্তিযোদ্ধারা বরাদ্দ পায়নি।

সূত্র জানায়, মুক্তিযোদ্ধাদের বিরোধিতা সত্ত্বেও ১৯৯১--৯৬ আমলে বিএনপির সাবেক সাংসদ ট্রাস্টির সহ--সভাপতি হামিদুল্লাহ খান বিক্রমপুর সমিতির সঙ্গে ১০ বছরের চুক্তি করে রাজধানী সুপার মার্কেটটি তাদের হাতে ছেড়ে দেন।

অনুসন্ধানে দেখা গেছে, ট্রাস্টের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে তাবানী বেভারেজ কোম্পানি লিমিটেড, ইস্টার্ণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিমি চকোলেট লিমিটেড, পূর্ণিমা ফিলিং এন্ড সার্ভিস স্টেশন ছাড়া বাদবাকি ২৮টি প্রতিষ্ঠানই নানা কারণে বন্ধ হয়ে গেছে কিংবা ওইসব প্রতিষ্ঠান অলাভজনক হয়ে পড়ায় পুঁজি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বা ইজারা দেওয়া হয়েছে।

ট্রাস্টের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানের মতে, নীতিমালা ও নৈতিকতা সংকট আর ব্যক্তিস্বার্থ ও বিচ্যুত নীতির কারণেই প্রতিষ্ঠানগুলোর বর্তমানে এ হাল।

ট্রাস্টের এক সময়ের লাভজনক প্রতিষ্ঠান সিরকো সোপ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মডেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করপোরেশন, বাক্সলী পেইন্টস লিমিটেড, ঢাকা মেটাল প্যাকেজ লিমিটেড, ইউনাইটেড টোব্যাকো কোম্পানি লিমিটেড, মেটাল প্যাকেজেস লিমিটেড, পারুমা (ইস্টার্ন) লিমিটেড, হরদেও গ্লাস অ্যালুমিনিয়াম, এনামেল এন্ড সিলিকেট ওয়ার্কস, বাংলাদেশ গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রাস্ট আধুনিক হাসপাতাল অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে।

পুঁজি প্রত্যাহার করে নেওয়া হয়েছে হামিদিয়া অয়েল মিলস, হামিদিয়া মেটাল ইন্ডাস্ট্রিজ, ওমর সন্স, বাক্স রাবার কোম্পানি, মদিনা ট্যানারিজ হাট, ন্যাশনাল ট্যানারিজ, বেঙ্গল ন্যাশনাল ট্যানারিজের।

এ ছাড়া মূলধন গুটিয়ে নেওয়া হয়েছে যাত্রিক পাবলিকেশন্স, আনিস ফিল্ম করপোরেশন, চু--চিন--চৌ রেস্তোরা, ইলেকট্রনিক্স এন্ড ফিল্ম ইকুইপমেন্ট, দুর্বার অ্যাড এন্ড পাবলিকেশন্স থেকে। এ ছাড়া মডেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ভেঙ্গে বহুতল ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। গুলিস্তান সিনেমা কোম্পানি, নাজ সিনেমা কোম্পানি ও গুলিস্তান ফিল্ম করপোরেশন ভেঙ্গেও বহুতল গুলিস্তান কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ চলছে। তবে ভবন হস্তান্তরের মেয়াদ পেরিয়ে গেলেও নির্মাণ সংস্থা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এখনও ভবন হস্তান্তর করতে পারেনি। এতে প্রতিমাসে বিশাল অংকের ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে ট্রাস্ট। মুন সিনেমা হল ভেঙ্গেও বহুতল ভবন নির্মাণ প্রকল্প চলছে।

ইজারা দেওয়া হয়েছে দেলোয়ার পিকচার্স লিমিটেড। মাল্টিপল জুস কনসেনট্রেট প্লান্টের কোল্ড স্টোরেজটি শুধু ভাড়ায় চলছে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানও বিভিন্ন দুর্নীতির কথা স্বীকার করেন।

মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া সম্পর্কে তিনি বলেন, বছরে মোট ৩০ লাখ টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে। টাকা আসছে বন্ধ প্রতিষ্ঠানগুলোর গুদাম ভাড়া, বিভিন্ন নির্মীয়মান প্রতিষ্ঠানের নির্মাণ সংস্থার কাছ থেকে পাওয়া অর্থ থেকে। এ ছাড়া আছে প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানত।

তিনি বলেন, “দুর্নীতি বা স্বার্থ বিরোধী কাজ করার দায়ে ছাঁটাইকৃতরা ট্রাস্টের বিরুদ্ধে ৩৯টি মামলা দায়ের করেছেন। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই মামলার মতো যন্ত্রণার শিকার হচ্ছে সংস্থাটি।”

তিনি বলেন, “দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই একসঙ্গে কাজ করলেই কেবল কল্যাণ ট্রাস্টের পূর্বাবস্থা ফিরিয়ে আনা সম্ভব। সংস্কার করতে গেলে ব্যক্তি বা গোষ্ঠী বা দলের লাভের কথা চিন্তা করলে প্রতিষ্ঠানটি বাঁচিয়ে রাখা সম্ভব হবে না।”

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার কল্যাণ ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, “কোন সরকারই এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেয়নি। এ কারণে ৩৬ বছরেও আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। আর এর মূলে রয়েছে ব্যবস্থাপনা কর্মকর্তা, মন্ত্রী--সাংসদ আর সুবিধাভোগী গোষ্ঠী। ”

মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিন বলেন, “ট্রাস্টের একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এই বৃদ্ধ বয়সে এসেও আমরা পঙ্গু মুক্তিযোদ্ধারা পাচ্ছি না চিকিৎসা ভাতা, ছেলে-- মেয়েদের বিবাহ ভাতাসহ বিভিন্ন অনুদান। খবরের কাগজে দেখি দাফন--কাফন খরচের অভাবে মেয়ের বাড়িতে সমাধিস্থ করা হচ্ছে অবহেলিত কোন মুক্তিযোদ্ধাকে।”

তিনি আরও বলেন, “গরীব, অসহায় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে স্বাধীনতাটা একটু হলেও আমরা ভোগ করতে পারতাম। বড় বড় ভবন নির্মাণ দেখে মনে হচ্ছে এগুলোর আমাদের স্বার্থে নয়, অন্য কারও স্বার্থেই তা করা হচ্ছে।”

সংস্থাটি মন্ত্রণালয়ের অধীনে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি মত দেন।    

অসহায়, পঙ্গু মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে এবং পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন মুজিব সরকার ৭২ সালের ২৭ অক্টোবর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করেন। এর মধ্যে ১৬টি ১৯৭২ সালে, ১৯৭৩ সালে ২টি এবং ১৯৭৮ সালে ১১টি প্রতিষ্ঠান ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া ট্রাস্ট নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠা করে আরও তিনটি প্রতিষ্ঠান। মূলত পশ্চিম পাকিস্তানের মালিকদের ফেলে যাওয়া ২১টি লাভজনক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব ও তিন কোটি টাকার কার্যকরী মূলধন নিয়ে যাত্রা শুরু করে ট্রাস্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০০১ সাল পর্যন্ত এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিল। পরবর্তীতে তা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠানের মুনাফা থেকেই দেওয়া হতো পঙ্গু মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাসিক ভাতা।