২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাস্থান গড়ে ঢাকা কলেজের শিক্ষক--শিক্ষার্থীদের ওপর হামলা

বগুড়ার মহাস্থান গড়ের গোবিন্দ ভিটা দেখতে এসে শুক্রবার বিকেলে ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মারধরের শিকার হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

নির্যাতনের শিকার ছাত্ররা প্রতিরোধের চেষ্টা করলে মহাস্থান যাদুঘরের আনসার সদস্য ও প্রহরীরা একজোট হয়ে দুই শিক্ষক ও পাঁচ ছাত্রকে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই আনসার সদস্যসহ চারজনকে গ্রেফতার করে।

মারধরে ঢাকা কলেজের সহকারী অধ্যাপক উম্মে সালমা, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শাওন, রাশেদুল ইসলাম ও আনিসুর রহমান আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের একদল শিক্ষক ও শিক্ষার্থী শুক্রবার মহাস্থান গড়ে আসেন। কলেজের সহকারী শিক্ষক উম্মে সালমা বিকেল ৫টার দিকে গড় সংলগ্ন গোবিন্দ ভিটা দেখতে যেতে চাইলে কর্তব্যরত প্রহরী ও আনসার সদস্যরা বাধা দেয়।

এ সময় ছাত্রদের সঙ্গে তাদের বাক--বিতণ্ডা হয়। এক পর্যায়ে আনসার ও প্রহরীরা শিক্ষক উম্মে সালমাকে লাঞ্ছিত এবং ছাত্রদের পেটাতে শুরু করে।

এই খবর পেয়ে অন্য ছাত্ররা ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধের চেষ্টা করলে আনসার সদস্য ও মহাস্থান যাদুঘরের প্রহরীরা কলেজের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. নিগার সুলতানা ও সহকারী অধ্যাপক উম্মে সালমা এবং পাঁচ ছাত্রকে তাদের ক্যাম্প ঘরে আটকে রাখে।

প্রায় এক ঘণ্টা পর শিবগঞ্জ থানা পুলিশ আটক শিক্ষক ও ছাত্রদের উদ্ধার করে। এছাড়া গ্রেপ্তার করা হয় মারপিটে জড়িত দুই আনসারসহ চারজনকে। এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলো আনসার সদস্য খলিলুর রহমান, লুৎফর রহমান ও যাদুঘরের প্রহরী আবু তাহের। র‌্যাব বগুড়া ক্যাম্পের সদস্যরাও এ সময় ঘটনাস্থলে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. হাসেমী ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, বেড়াতে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপদে ফেরার ব্যবস্থা করা হয়েছে।

প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক  আব্দুল খালেক জানান, তিনি ঘটনাটি শুনেছেন কিন্তু সার্ক কার র‌্যালির আয়োজন নিয়ে ব্যস্ততার কারণে ঘটনাস্থলে যেতে পারেন নি।