ভারতে প্রবেশ করেছে সার্ক কার র্যালি
দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে আয়োজিত সার্ক কার র্যালি রোববার রাত সাড়ে সাতটার দিকে উত্তরাঞ্চলীয় সীমান্ত উপজেলা পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।
এর আগে র্যালিটি বগুড়া, দিনাজপুর, নীলফামারী, রংপুর ও লালমনিরহাটে পৌঁছালে সংশ্লিষ্ট প্রশাসন অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানান।
দিনাজপুর থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, বগুড়া থেকে সার্ক কার র্যালি দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা স্বাগত জানান। এরপর গোবিন্দগঞ্জ সড়ক দিয়ে র্যালিটি সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ঐতিহাসিক কান্তজী মন্দিরে এসে পৌঁছায়। এসময় জেলা প্রশাসক এ এম সাইফুল হাসান ও পুলিশ সুপার মোস্তফা কামাল প্রতিনিধিদের স্বাগত জানান। বিশ্বকাপ ক্রিকেট ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করায় ভারতীয় প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে অভিনন্দন জানান। র্যালির সদস্যরা প্রায় দুই ঘন্টা কান্তজী মন্দিরে অবস্থান করেন। প্রতিনিধিদের সম্মানে এখানে দিনাজপুরের আঞ্চলিক গান ও নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী প্রতিনিধি জানান, দুপুর ১টা ১৫ মিনিটে সৈয়দপুর উপজেলা শহর অতিক্রম করে র্যালিটি। এসময় জেলা প্রশাসক খন্দকার মোখলেছুর রহমান ও পৌর চেয়ারম্যান আক্তার হোসেন বাদল ফুলের তোড়া দিয়ে র্যালির অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানান।
সৈয়দপুর লায়ন্স স্কুলের ছাত্র--ছাত্রীরা দেবীগঞ্জ মোড় থেকে কামারপুকুর পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়ে এবং জাতীয় পতাকা নেড়ে তাদের অভিবাদন জানায়।
দুপুর সোয়া ১ টার পর ভারতীয় শিল্প প্রতিষ্ঠান টাটার ২৬টি গাড়িতে করে ১০৯ জন অভিযাত্রী নীলফামারী জেলা অতিক্রম করে রংপুরে প্রবেশ করে।
রংপুর থেকে স্থানীয় এক সাংবাদিক জানান, র্যালিটি রংপুর শহরের বাইপাস সড়কের বাস টার্মিনাল ও মেডিকেল মোড় পার হয়ে পর্যটন মোটেলে পৌঁছালে জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান ও প্রশাসনের অন্য কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এরপর র্যালিটি রওনা দেয় লালমনিরহাটের উদ্দেশে।
বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তিস্তা সেতু অতিক্রম করে লালমনিরহাটে এসে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সওদাগর মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবুল ফজল মো. তারেক হোসেন ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। পরে র্যালিটি আদিতমারী, কালীগঞ্জ হয়ে পাটগ্রামের বুড়িমারী সীমান্তের উদ্দেশে রওনা দেয়। পুরো রাস্তার দুধারেই শিক্ষার্থী ও স্থানীয় লোকজন র্যালিকে স্বাগত জানায়।
পাটগ্রাম অতিক্রম করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে র্যালিটি বুড়িমারী স্থল বন্দরে পৌঁছায়। লালমনিরহাট জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের স্বাগত জানান। প্রায় ৪৮ মিনিট সেখানে অবস্থানকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হাফিজুর রহমান ভুঁইয়া এবং র্যালির সমন্বয়ক ভারতের অজয় খান্না। এরপর ৭টা ৩৫ মিনিটে বন্দর অতিক্রম করে চ্যাংড়াবান্দা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে র্যালিটি।
গত ১৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে র্যালিটির উদ্বোধন করেন। সেদিনই সন্ধ্যায় র্যালিটি বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছায় এবং শুক্রবার সকালে সেখান থেকে রওনা হয়ে সার্কভুক্ত দেশগুলোর ১০৯ জন প্রতিনিধি বাংলাদেশের বিভিন্ন জেলার ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। সাতটি দেশের আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৪ এপ্রিল মালদ্বীপের রাজধানীতে গিয়ে শেষ হবে।
