২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ সংক্রান্ত অপরাধ ও মুদ্রাপাচার রোধে আসছে নতুন অধ্যাদেশ

অর্থ সংশ্লিষ্ট অপরাধ ও মুদ্রাপাচার রোধে ব্যাংকিং প্রতিষ্ঠান অধ্যাদেশ ১৯৯১ এর সংশোধন এবং মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করতে পারে উপদেষ্টা পরিষদ। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 10:11 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার নফহবংি২৪.পড়সকে বলেন, “আমরা আশা করছি উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ আইন দুটি নীতিগতভাবে অনুমোদন করবে।”

উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে আইনগুলো অর্থ মন্ত্রণালয়ে বিবেচনার জন্য পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ শেষে সেগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

সাম্প্রতিক সময়ে ওরিয়েন্টাল ব্যাংকের ৫০০ কোটি টাকার দুর্নীতি, কিছু ব্যাংকের পে--অর্ডারের মাধ্যমে ইসলামী জঙ্গিদের বোমা হামলা পরিচালনার জন্য অর্থ সরবরাহ করাসহ বিভিন্ন অর্থ সংশ্লিষ্ট অপরাধ ও মুদ্রাপাচার রোধ এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান সরকার এ বিষয়ে আইন করার পদক্ষেপ নিয়েছে।

মুদ্রাপাচার প্রতিরোধ আইন ২০০২ এর পরিবর্তে মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০৭ জারি করা হবে। আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থা ও ব্যক্তির কাছ থেকে লেনদেন সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার বিধান থাকবে এই অধ্যাদেশে।

প্রস্তাবিত অধ্যাদেশে মুদ্রাপাচারে জড়িত ব্যক্তির সর্বোচ্চ সাত বছরের জেল এবং পাচার করা অর্থের দ্বিগুণ পরিমাণ জরিমানা করার বিধান রাখা হয়েছে।

এছাড়া সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধ করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের কারণে দ্রুত নতুন মুদ্রাপাচার আইন করা হচ্ছে বলে জানা গেছে।

এই আইনে ঋণ খেলাপি, তাদের নিশ্চয়তাদানকারী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান থাকবে। ব্যাংকের মূলধন বৃদ্ধির বিষয়ে তথ্য জানতে চাওয়া এবং ব্যাংকের মূলধন কমলে জরিমানার বিধানও থাকবে আইনে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের আকার, পরিবারের সদস্যদের ক্ষেত্রে পরিচালক হওয়ার যোগ্যতা ও মেয়াদ সম্পর্কিত পূর্ব প্রস্তাবিত একটি সংশোধনীও নতুন আইনে যুক্ত করা হয়েছে।

সাবেক বিএনপি সরকার সংশোধনী প্রস্তাবটি ঝুলিয়ে রেখেছিল।

প্রস্তাবিত আইনের সংশোধনীতে অবৈধ ব্যাংকিং, তথ্য গোপন ও বিভ্রান্তি তৈরির জন্য জরিমানার পরিমাণ এবং সাজার মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

বর্তমানে ঋণ ফেরত দেওয়ার ছয় মাস পার হয়ে গেলে সেটা শ্রেণীকৃত ঋণ হিসেবে বিবেচিত হবে। এর ফলে সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণের মধ্যে পার্থক্য নির্দেশ করবে এবং তাদের সুদকে সংজ্ঞায়িত করবে। নিশ্চয়তাদানকারীরা খেলাপী ঋণের জন্য দায়ী হবেন না।

সংশোধনীতে ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমান ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হয়েছে।

সংশোধনীতে প্রয়োজনীয় রিজার্ভ রাখতে ব্যর্থ ব্যাংককে জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে।

মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০৭ এ ব্যাংক ও দাতব্য প্রতিষ্ঠানসহ বিভিন্ন আর্থিক লেনদেনকারীদের কাছে তথ্য চাওয়া এবং তাদের বিরুদ্ধে আইন জারির ক্ষমতা দেওয়া হবে বাংলাদেশ ব্যাংককে।

বাংলাদেশ ব্যাংককে তথ্য দেওয়ায় ১৬ টি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে, যারা সন্দেহজনক লেনদেনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে। বর্তমানে ব্যাংকগুলো সন্দেহজনক লেনদেনের বিষয়ে তথ্য সরবরাহ করে।

প্রস্তাবিত অধ্যাদেশে যেকোনো সন্দেহজনক লেনদেনের বেলায় সম্পদ বাজেয়াপ্ত করা এবং মুদ্রাপাচারের ক্ষেত্রে আদালতে মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে।

অর্থ ঋণ আদালতকে মুদ্রাপাচারকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে তা সরকারি কোষাগারে জমা করার ক্ষমতা দেওয়ার জন্য বলা হয়েছে অধ্যাদেশে।