চাঁদপুরে পুকুর কাটাতে গিয়ে মূল্যবান মূর্তির সন্ধান
চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাহপুর এলাকায় পুকুর খনন করতে গিয়ে প্রাচীন একটি মূর্তি পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ সোমবার রাতে মূর্তিটি উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, মনোয়ারা বেগম (৬০) নামের এক মহিলা পুকুরে মাটি কাটাচ্ছিলেন। সোমবার দুপুর ২ টার দিকে মাটির নিচে প্রায় ২৫ কেজি ওজনের মূর্তিটি পাওয়া যায়।
শাহরাস্তি থানার এ এস আই মো. ইউসুফ বলেন, খবর পেয়ে সোমবার রাত সাড়ে নয়টায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে এসেছে। তিনি জানান, মূর্তিটি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি। তবে এর দাম সম্পর্কে কোন ধারণা নেই।
