জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না: তপন চৌধুরী
জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জ্বালানি তেলের মূল্য আপাতত বাড়াচ্ছে না। তিনি জানান, আন্তজার্তিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের মূল্যের ফারাক বেশি হলেও শিগগিরই দাম বাড়ানো হবে না। এ ফারাক কমানোর জন্য যে ভর্তুকি দেওয়া হয় তাও আপাতত প্রত্যাহার না করার ইঙ্গিত দেন তিনি।
বৃহস্পতিবার বিকালে তিনি চট্টগ্রাম চেম্বারের পরিচালকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।
এর আগে সকালে তিনি বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় সাঙ্গু গ্যাস ক্ষেত্র পরিদর্শন করেন।
গ্যাস ক্ষেত্র পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “সাঙ্গুর মজুদ ২০১১ সালের দিকে শেষ হয়ে যেতে পারে। এজন্য যাতে নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে পাওয়া যায়, এখন থেকেই সে চেষ্টা করতে হবে।”
প্রশ্নের জবাবে তিনি জানান, সাঙ্গুর কর্মকর্তারা হাতিয়ার কাছাকাছি নতুন একটি গ্যাস ক্ষেত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাঁকে বলেছেন।
এদিকে, নগরীর আগ্রাবাদে চেম্বার মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি বলেন, “দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুত উৎপাদনের জন্য ১০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট স্থাপনের জন্য ইতিমধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে।”
ব্যবসায়ী নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি চট্টগ্রামের জন্য পৃথক একটি গ্যাস সরবরাহ কোম্পানি গঠনের বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।
বর্তমানে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের মাধ্যমে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে সাঙ্গুর গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু চেম্বার নেতৃবৃন্দ জানান, এ কোম্পানির ৯০ শতাংশ গ্রাহক চট্টগ্রামের। তাই প্রশাসনিক জটিলতা এড়াতে এ কোম্পানি দুই ভাগ করে চট্টগ্রামের জন্য কর্ণফুলী গ্যাস সিস্টেসম লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছেন তারা।
মতবিনিময়ে অংশ নেন চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ, সহ-সভাপতি মাহবুব আলম, সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আলী আহমদ প্রমুখ।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা চেম্বার নেতাদের চট্টগ্রামে শিল্পাঞ্চল ভিত্তিক সাপ্তাহিক ছুটির দিন ধার্যের প্রস্তাবকে স্বাগত জানান।
তিনি বলেন, চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নিজেরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে আইনগত কোন জটিলতা হবে না বলে তিনি মনে করেন।
ব্যবসায়ীরা জানান, এ সিদ্ধান্ত নেওয়া গেলে চট্টগ্রামে সপ্তাহে ৪০০ মেগাওয়াট বিদ্যুত সাশ্রয় হবে।
উপদেষ্টা এর আগে দুপুরে বন্দরভবনের বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে দুপুর দেড়টায় তিনি আগ্রাবাদে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের (ইউসিএল) চট্টগ্রাম শাখার উদ্বোধন করেন।
