বিগত সরকার পুলিশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল:আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, বিগত সরকারের আমলে পুলিশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এখন আর সেই অবস্থা নেই।
বুধবার রাতে সিলেটে সার্কিট হাউস মিলনায়তনে এক সুধী সমাবেশে আইজিপি বলেন,“কয়েক মাস আগেও আমরা রাজনীতিবিদদের মুখের দিকে চেয়ে থাকতাম। তাঁরা মাথা নাড়ালে আমরা মাথা নাড়াতাম। তাঁরা হ্যা বললে আমরা হ্যাঁ বলতাম। তাঁরা না বললে আমরাও না করতাম।”
নূর মোহাম্মদ বলেন, “এখন এই পরিবর্তিত অবস্থায় কাজ করার সময়। অন্যায় আবদার নিয়ে আর কেউ আসবে না। কাউকে ছাড় দেওয়া হবে না।”
রাত সাড়ে সাতটা থেকে সোয়া আটটা পর্যন্ত এই সুধী সমাবেশে সিলেটের বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
