২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে পটুয়াখালীতে দুই সরকারী কর্মকর্তাসহ ৩ জনের যাবজ্জীবন

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 09:13 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এ ছাড়া প্রত্যেককে দুই লাখ ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর নয় মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকালে পটুয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন---পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও ঠিকাদার জিএম আলমগীর হোসেন।   

মামলার বিবরণে বলা হয়, আউলিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও টয়লেট নির্মাণ এবং টিউবওয়েল স্থাপনের জন্য ১৯৯৮ সালের ২১ জুন ছয় লাখ ১২ হাজার ৮৫০ টাকার কাজের আদেশ দেওয়া হয়। কিন্তু কাজ শেষ না করেই প্রায় সব টাকা ঠিকাদারকে দিয়ে দেওয়া হয়।

বিবরণে আরও বলা হয়, এ ঘটনায় ২০০২ সালের ১৬ ফেব্র“য়ারি দুর্নীতি দমন বুরোর পরিদর্শক আবদুর রহিম জোয়ার্দার বাদী হয়ে একটি দুর্নীতির মামলা করেন। নয়জনের সাক্ষ্যে ও  বিশেষজ্ঞরা  সরেজমিন তদন্ত করার পর ২ লাখ ৬৬ হাজার ৪৫৯ টাকার দুর্নীতি প্রমাণিত হয়।