রাজধানীতে পৃথক সন্ত্রাসী হামলায় ৪ জন গুলিবিদ্ধ
রাজধানীর খিলগাঁওয়ে মঙ্গলবার চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে দুই জন এবং পরীবাগে ছিনতাইকারীদের গুলিতে এক ব্যাবসায়ীসহ দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খিলগাঁওয়ের পূর্ব রামপুরায় একটি নির্মাণাধীন বাড়িতে বিকেল পাঁচটার দিকে কয়েকজন সন্ত্রাসী এসে চাঁদা দাবি করে। ঠিকাদার আব্দুল মজিদকে না পেয়ে সন্ত্রাসীরা ৪/৫ রাউন্ড গুলি ছুঁড়লে রডমিস্ত্রি শাকিল (২০) এবং ঠেলাগাড়ী চালক মোঃ রকিবউদ্দিন (৩৫) গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে।
অন্যদিকে পরীবাগে সন্ত্রাসীরা মোঃ শফিউল্লাহ (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তিনি ইর্স্টাণ প্লাজার এসকে ইলেকট্রনিক্স নামে একটি দোকানের মালিক।
সকাল নয়টার দিকে ধানমন্ডি তিন নং সড়কের স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে টাকা তুলে মটরসাইকেলে ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে পরীবাগে ৪/৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। মটরসাইকেল ফেলে টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আব্দুল মালেক (৪৫) নামে পাশের একটি ভবনের নিরাপত্তা কর্মীও গুলিবিদ্ধ হয়।
