২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে চট্টগ্রামে ২১ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার বৌবাজারে সোমবার মধ্যরাতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছে ২১ জন। এদের মধ্যে ১০টি শিশু, আটজন মহিলা এবং তিনজন বৃদ্ধ রয়েছেন। আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে দশ সদস্যের দুইটি পরিবার। প্রায় দশ ফুট উঁচু দেয়াল টপকাতে না পেরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং আটটি ঘর জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়। সরু গলির কারণে দমকল কর্মী বা আশপাশের লোকজন কেউই সেখানে ঢুকতে পারেননি। চোখের সামনে অসহায় মানুষগুলোর বাঁচার জন্য আকুতি আর করুণ মৃত্যু দেখা ছাড়া কোন উপায় ছিল না। বস্তিতে ঢোকার মুখে গার্মেন্টসের ঝুট কাপড়ের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল কর্মীরা ধারণা করছেন। (আরও তথ্যসহ---২)

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 01:16 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

নিহতরা হলেন, একই পরিবারের ছয় সদস্য- মা কমলা বেগম (৪৫) এবং পাঁচ সন্তান রোমেনা বেগম, নাজমা বেগম (১২), মোমেনা বেগম (১০), খলিল (৭) ও শুক্কুর (৫)। এই পরিবারের একমাত্র সদস্য কমলা বেগমের স্বামী আবদুল মমিন (৫০) আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপর একটি পরিবারের মৃত চার সদস্য হলেন মোরশেদ ও তার স্ত্রী নাজিয়া এবং তাদের এক বছরের শিশু সুমাইয়া ও কাইয়ুম (৯)। অন্যরা হলেন কুলসুম (১২) এবং মুন্নী (৭), তিন বোন বানু (২০), রুবি (১৬) ও মিতু এবং বানুর ছেলে ইমন (৪)। অপর এক পরিবারের খোরশেদ (৭০) ও তার স্ত্রী অপুলা খাতুন (৬০) এবং তাদের নাতি আনিছুল হক (৮), এবং অপর এক পরিবারের মা মনোয়ারা বেগম (৬০) ও তার মেয়ে পারভীন (৩০)।

পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।  

স্থানীয় বাসিন্দারা জানান, খালেক সওদাগর নামে এক ব্যক্তির মালিকানাধীন এ জায়গায় আটটি পরিবারের আনুমানিক ৫০ জন সদস্য বসবাস করতো। নিম্নবিত্ত এসব পরিবারের সদস্যদের অধিকাংশই রিকশা ও ঠেলাগাড়ি চালক। 

দমকল বাহিনীর লামা স্টেশনের ইনচার্জ আবু তাহের জানান, প্রায় দশ ফুট উঁচু সীমানা প্রাচীর ডিঙ্গাতে না পারায় নারী, শিশু ও বৃদ্ধদের এই করুণ পরিণতি হয়েছে। তারা পেছনের দিকের সীমানা প্রাচীরের কাছ থেকে একসঙ্গে স্তুপাকার অবস্থায় ১৬টি লাশ উদ্ধার করেছেন। অন্য মরদেহগুলো বাঁশের বেড়া দেওয়া টিনশেডের বিভিন্ন ঘর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্য বাসিন্দারা দেয়াল টপকে কোনরকমে প্রাণে বেঁচেছেন।

আবু তাহের জানান, বৌবাজারের গলিগুলো সরু হওয়ায় দমকল বাহিনীর গাড়ি সেখানে ঢুকতে পারেনি। প্রবেশ মুখটি সরু থাকায় এবং পেছনের দিকে বের হওয়ার কোন পথ না থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। 

তারা ১২টি একশ ফুট লম্বা পাইপ জোড়া দিয়ে ঘটনাস্থলে পানি ছিটানোর ব্যবস্থা করেন। কিন্তু ততক্ষণে এসব শিশু, মহিলা ও বৃদ্ধ মারা যান।

ভোর ছয়টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাত দেড়টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত আগুনের পর এখন সেখানে ধ্বংসস্তুপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।  

এলাকার বাসিন্দা আকতার হোসেন জানান, আটকা পড়া লোকজনের আহাজারি ও আর্তচিৎকার শুনে আশপাশ থেকে অনেকেই এগিয়ে এলেও আগুনের কারণে তাদের দূরে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা দুই শতকেরও কম এই জায়গাটি পুরোটাই আগুনের কুণ্ডে পরিণত হয়।

তিনি বলেন, ভেতরে থাকা মানুষগুলো পুড়ে মারা যাচ্ছে, তাদের আর্ত চিৎকার শোনা যাচ্ছে, অথচ তারা কিছুই করতে পারছিলেন না।

রাত থেকে ঘটনার সময় উপস্থিত শহিদুল ইসলাম নফহবংি২৪.পড়স ---কে বলেন, “বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে যে কয়েক ঘন্টা আগেও এই জায়গাটি বাচ্চা--কাচ্চাদের কোলাহলে মুখর ছিল। আর এখন তা মৃত্যুকূপে পরিণত হয়েছে।”  

তিনি জানান, পাশের একটি একতলা বাড়ির ছাদ থেকে চেষ্টা করে কিছু লোকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে।   

দমকল কর্মীরা জানান, ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও আরও এক ঘন্টা পানি ছিটানোর পর ভোর সাড়ে পাঁচটার পর উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়। ঘটনাস্থলের পাশের আরও ১০/১২টি ঘরে আগুন ধরলেও সেখানের বাসিন্দারা নিরাপদেই বের হয়ে যেতে সক্ষম হন। 

খবর পেয়ে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছে। 

সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী খবর পেয়ে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান। তিনি সেখানে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

সিটি মেয়র নফহবংি২৪.পড়স কে জানান, নিহতদের জানাজা শেষে তিনি ক্ষতিগ্রস্তদের থাকার জন্য সাময়িকভাবে টিনশেডের ঘরের এবং খাবারের ব্যবস্থা করবেন।

মেয়র জীবিত কর্মক্ষম ব্যক্তিদের রিকশা কিনে দেওয়ার ব্যবস্থাও করবেন বলে ঘোষণা দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা  পৃথক বিবৃতিতে আগুনে ২১ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং  আহতদের চিকিৎসা ও  ক্ষতিপুরণ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।