কটিয়াদীতে আগুনে একটি শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভয়াবহ আগুন লেগে পুড়ে মারা গেছে রাসেল (১০) নামে একটি শিশু। রোববার গভীর রাতে কটিয়াদী উপজেলার চাতল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত দেড়টার দিকে ওই গ্রামের জনৈক শহীদ মিয়ার বাড়িতে গোয়াল ঘরে মশা তাড়ানোর ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়লে গুরুতর অগ্নিদগ্ধ হয় শহীদ মিয়ার স্ত্রী হারেছা বেগম (৪৫) ও শিশু পুত্র জীবন (৮) ও নাতি রাসেল (১০)। আহতদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যায় রাসেল।
আগুনে গোয়াল ঘরে থাকা ২টি গরুও মারা যায় এবং লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
