রাজধানীতে ২টি সংযোগ সেতু ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ
ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নে দুইটি সংযোগ সেতু এবং একটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার দুপুরে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এক সংবাদ সম্মেলনে বলেন, ঢাকার পান্থপথ থেকে হাতিরঝিলের (বেগুনবাড়ি) উপর দিয়ে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের সড়ক পর্যন্ত তিন দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্যরে চারটি লেন বিশিষ্ট একটি সংযোগ সেতু নির্মাণ করা হবে।
তিনি জানান, এজন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। এরমধ্যে ৩০০ কোটি টাকা জাপান সরকার সহায়তা দেবে। প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক বৈঠকে শিগগিরই উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, সেতু নির্মাণের ফলে হাতিরঝিলের অবকাঠামোগত কোনো ক্ষতি হবে না। ঝিল সংরক্ষণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ৩১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।
এ ছাড়া গুলশান লেক হয়ে ৪১ নম্বর সড়ক থেকে বনানী ১১ নম্বর সড়ক পর্যন্ত চার সারি বিশিষ্ট আরও একটি সংযোগ সেতু নির্মাণ করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এর ফলে ঐ এলাকার যানবাহন চলাচলে চাপ অনেক কমে যাবে।
এই সেতু নির্মাণে ব্যয় হবে ১৫ কোটি টাকা। চলতি মাস থেকেই এরজন্য দরপত্র আহবান করা হবে। নয় মাসের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে বলে জানান তিনি।
উপদেষ্টা আরও জানান, পাশাপাশি তেজগাঁও রানওয়ের শহীদ জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁও পর্যন্ত রানওয়ের ভিতর দিয়ে একটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব না হলে রানওয়ের ভিতর দিয়েই একটি নিরাপদ সড়ক নির্মাণ করা হবে।
তিনি বলেন, সোনারগাঁও সড়কে নির্মিত সার্ক ফোয়ারা পান্থপথে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটাও যদি সম্ভব না হয় তবে ফোয়ারার চারপাশ থেকে তিন ফুট জায়গা কমিয়ে আনা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, রাজউক এর মূল পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত একটি সড়কের মূল কেন্দ্রে র্যাংগস টাওয়ার নির্মাণ করা হয়েছে। টাওয়ারটি সরিয়ে নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
