২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের আ. লীগ নেতা মহিউদ্দিনের বাড়ি ও মালামাল জব্দ

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে তালিকাভুক্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ মহিউদ্দিনের বাড়ি ও মালামাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 10:16 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রোববার দুপুরে শহরের কোর্টগাঁও এলাকায় অবস্থিত মহিউদ্দিনের চার তলা ভবন তল¬াশি চালিয়ে সব  মালামাল জব্দ করা হয়। এ সময় বাড়ির তত্ত্বাবধায়ক সবুজ ছাড়া আর কেউ ছিলেন না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এ নেওয়াজী জানান, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, ১০টি খাট, ৩টি টেলিভিশন, ৬টি ফ্রিজ, ৩ সেট সোফা, কম্পিউটারসহ ৩২ ধরনের জিনিসপত্র। তবে বাড়িতে থাকা একটি সাদা রঙের গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়।

এছাড়া, সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ শাখায় মহিউদ্দিনের নামে থাকা দুটি একাউন্টও জব্দ করে কমিশনের বিশেষ দলটি।

কমিশনের একটি সূত্র জানা যায়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসেব জমা না দেওয়ায় মালামাল জব্দ করা হয়েছে। তবে প্রতিনিধির মাধ্যমে সম্পত্তির হিসেব জমা দেওয়ার আবেদন জানিয়ে মহিউদ্দিনসহ সাত আওয়ামী লীগ নেতা আদালতে রিট আবেদন করেছেন। সোমবার সেই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।