২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল সনদপত্র বাতিলের দ্রুত ব্যবস্থা নিচ্ছে চবি

জালিয়াতির মাধ্যমে সংগ্রহকরা সনদপত্র বাতিলের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে প্রথমে ১৯৮৩-১৯৯২ পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ ও অনুত্তীর্ণ সবার ফলাফলই গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর অনুত্তীর্ণদের যারা জালিয়তির মাধ্যমে সনদ সংগ্রহ করেছেন তা ফেরত দিতে তাদের চিঠি দেওয়া শুরু হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 12:36 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদিউল আলম রোববার নফহবংি২৪.পড়স কে বলেন, “অনিয়মের মাধ্যমে যেসব সনদপত্র ইস্যু হয়েছে সেগুলো বাতিলের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। বর্তমান প্রশাসন সিন্ডিকেটের এই সিদ্ধান্ত কার্যকর করতে বদ্ধপরিকর।”    

আগের প্রশাসন কেন জালসনদ বাতিল করেনি এ প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আগের প্রশাসন কেন পারেনি আমি সেদিকে যাব না। এবার যাতে আগের মতো বিষয়টি ঝুলে না থাকে সে ব্যবস্থা নেওয়া হবে। দোষীরা কোনোভাবেই পার পাবে না।”

তিনি মন্তব্য করেন, “এর সাথে বিশ্ববিদ্যালয়ের মানসম্মান জড়িত। তাই হারানো গৌরব ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব সিন্ডিকেটের সিদ্ধান্ত কার্যকর করা হবে।”

উপাচার্য জানান, বাতিলের প্রক্রিয়া শুরু হতে এক সপ্তাহের বেশি সময় লাগবে। সিন্ডিকেটের গৃহীত সিদ্ধান্ত ছাপানোর পর অনুমোদন দেওয়া হবে দু/একদিনের মধ্যেই। এরপর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সে সময়ের (১৯৮৩-১৯৯২ পর্যন্ত) সব ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী গেজেটে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ সবার ফলাফলই প্রকাশ করা হবে।

উপাচার্য বলেন “এরপরই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর অনুত্তীর্ণদের সাময়িক ও মূল সনদপত্র এবং নম্বরপত্র ফেরত দেওয়ার জন্য চিঠি দিতে শুরু করবে।”

গেজেট ছাপানো থেকে চিঠি দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া শুরু করতে এক সপ্তাহ লেগে যেতে পারে বলে তিনি ধারণা করছেন।       

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মোজাফফর হোসেন রোববার সাংবাদিকদের বলেন, “সিন্ডিকেটের লিখিত সিদ্ধান্ত হাতে এলে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর  সংশি¬ষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করবে। যারা এর মধ্যে মূল ও সাময়িক সনদপত্র ও নম্বরপত্র তুলেছে সেগুলো ফেরত দিতে তাদের চিঠি পাঠানো হবে। গেজেট আকারে ফলাফল প্রকাশের  সঙ্গে সঙ্গে এ প্রক্রিয়া শুরু করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জহুরুল ইসলাম জানান, সিন্ডিকেটের প্রসিডিংস ছাপানোর কাজ শুরু হয়েছে। আগামী দু/তিন দিনের মধ্যে উপাচার্য তা অনুমোদন দিলে তারা পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন।