২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেল হাজতে ২ পুলিশ

১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পল্টন থানার এক শিক্ষানবীশ সাব ইন্সপেক্টর ও অপর এক এ এস আইকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া চাঁদাবাজির অভিযোগে ২ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে উত্তরা থানার এক সাব ইন্সপেক্টরকে। তিন পুলিশকে গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ ওই আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

দ্রুত বিচার আইনে উত্তরা থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম মো. আবুল হাসেম। সে ওই থানায় এস আই হিসেবে কর্মরত।

মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক খন্দকার জাহিদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য এস আই আবুল হাসেমকে ৫ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

ম্যাজিস্ট্রেট জগন্নাথ দাস খোকন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ প্রতিবেদনে বলা হয়, এস আই হাসেম উত্তরার জনৈক বিভাষচন্দ্র সরকারকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করে ও পরে আদালতের নির্দেশে পুলিশ রিমান্ডে নেয়।

পরে রিমান্ডে নির্যাতন করা হবে না, এই শর্তে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ও চাঁদার টাকা তার দালাল মামলায় গ্রেপ্তার হওয়া অপর আসামি শফিককে দিতে বলে।

বিভাষের পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানানো হয়। ৩ মার্চ রাত ১০টায় মামলার তাদের পক্ষ থেকে নগদ ২ হাজার টাকা শফিককে দেওয়ার সময় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার কথা মত এস আই আবুল হাশেমকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার আইন) ২০০২  এর ৪ (১) ধারায় তাদের বিরুদ্ধে উত্তরা থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়।

ব্যবসায়ীদের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পল্টন থানায় গ্রেপ্তার হওয়া দু’ পুলিশ সদস্য হচ্ছে শিক্ষানবীশ সাব ইন্সপেক্টর তানভীর হোসেন তুহিন ও এ এস আই শাহ মো. আজিজ।

পুলিশ প্রতিবেদনে বলা হয় গত ২ মার্চ মামলার বাদি আবুল হোসেন ব্যবসার উদ্দেশ্যে ১০ লাখ টাকা নিয়ে তার বন্ধু মামলার এক নম্বর আসামি উজ্জলের সাথে ঢাকা আসে। দুপুরে শান্তিনগরের হোয়াইট হাউজ হোটেলে খাওয়া দাওয়ার পর টাকার ব্যাগটি উজ্জলের হাতে দিয়ে পান খাওয়ার জন্য পার্শ্ববর্তী দোকানে যায়। ফিরে এসে দেখতে পায় উজ্জল হঠাৎ আসা একটা পুলিশ ভ্যানে উঠে চলে যাচ্ছে।

এ বিষয়ে পল্টন থানায় অর্থ আত্মসাতের মামলা হলে পুলিশ অনুসন্ধান করে ওই দুই পুলিশ সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার রোববার তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।