২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ ও ভাষা শহীদদের গ্রামে জাদুঘর হচ্ছে

সাত বীরশ্রেষ্ঠ এবং তিন ভাষা শহীদের স্মৃতিরক্ষা এবং আগামী প্রজন্মের কাছে তাদের কীর্তি পৌঁছে দিতে শহীদদের নিজ নিজ গ্রামে গ্রন্থাগার ও জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 06:58 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

আগামী ২৬ মার্চের আগেই এ সব প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় করবে মন্ত্রণালয়। প্রতিটি স্থাপনার জন্য ব্যয় হবে ৩৩ লাখ টাকা।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ভাষাশহীদ রফিক উদ্দীন আহমেদের স্মৃতিতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পাড়িল গ্রামে, আব্দুল জব্বারের স্মৃতিতে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচাইরা গ্রামে এবং শহীদ আব্দুস সালামের স্মৃতি রক্ষার্থে ফেনীতে গ্রন্থাগার ও জাদুঘর নির্মাণ করা হবে।

এছাড়া ভাষা আন্দোলনের অন্য দুই শহীদ আবুল বরকত এবং শফিউরের বাড়ি ভারতে হওয়ায় তাদের স্মৃতি রক্ষার্থে ঢাকায় জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণের পরিকল্পনা হয়েছে। তবে তা পরে বাস্তবায়িত হবে।

এছাড়া বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ, সিপাহী হামিদুর রহমানের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খারদা খালিশপুর, সিপাহী মোস্তফা কামালের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার আলিনগর, রুহুল আমীনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাগপাঁচড়া, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি ঢাকার ১১২, মনিপুরি পাড়া, ল্যান্স নায়েক মুন্সি আব্দু রবের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সালামতপুর এবং ল্যান্স নায়েক নূর মোহাম্মদ খানের গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার বাগশ্রীরামপুরের মহিষ খোলায়ও একটি করে জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলা পরিষদগুলো প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং বাস্তবায়িত হওয়ার পর গ্রন্থাগার ও জাদুঘরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে জেলা পরিষদগুলো।

সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশের সরকারি জমিতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জমিতে এসব স্থাপনা নির্মিত হবে এবং এগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

জাদুঘর ও গ্রন্থাগারে হলরুম, গ্রন্থাগার কক্ষ, অতিথি কক্ষ, জেনারেটর, কম্পিউটার, পানির পাম্পসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। এছাড়া জাদুঘরে শহীদদের স্মৃতি বিজড়িত দ্রব্যাদি ও তথ্য প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট উপজেলা ও জেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সচিব সফররাজ হোসেন ও প্রধান প্রকৌশলী শহিদুল হাসান রোববারের সভায় উপস্থিত ছিলেন।