বিএসইসি ভবনে নয়তলার আগুন রহস্যজনক মনে করছে তদন্ত কমিটি
ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) ভবনের দোতলায় উচ্চমাত্রার দাহ্য পদার্থের কারণে সোমবার সেখানে আগুন দ্রুত বিস্তার লাভ করতে পারে বলে সন্দেহ রয়েছে শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটির। এছাড়া দোতলায় আগুন ধরার দুঘণ্টা পর ভবনের নবম তলায় ড্যান্ডি ডাইংয়ের অফিসে নতুন করে আগুন লাগার ঘটনা রহস্যজনক মনে করছে তারা।
রোববার সকালে তারা এ সংক্রান্ত প্রতিবেদন শিল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
বিএসইসি ভবনে আগুন লাগার ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও পাঁচদিনের মাথায় সেটি জমা পড়েছে।
এতে বলা হয়েছে, ভবনের দোতলায় অবস্থিত বেঙ্গল গ্র“প লিমিটেডের দপ্তরে আগুনের সূত্রপাত হয়। তবে বৈদুতিক শর্টসার্কিট অথবা নাশকতার কারণে আগুন ধরেছে কিনা সেটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।
প্রতিবেদনে আরো বলা হয়, আগুন নিভানোর প্রচেষ্টা সত্ত্বেও সেটি পুরো তলায় যেভাবে ছড়িয়ে পড়েছিল তাতে দোতলার কোথাও উচ্চমাত্রার দাহ্যপদার্থ সংরক্ষিত ছিল বলে তদন্ত কমিটির সন্দেহ জাগে। তবে নমুনা পরীক্ষার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেছে কমিটি।
নবম তলার আগুন সম্পর্কে বলা হয়, “দ্বিতীয় ও তৃতীয় তলার আগুন এক পর্যায়ে প্রায় নিয়ন্ত্রণে আসলেও আনুমানিক দুই ঘণ্টা পর একই ভবনের নবম তলায় অবস্থিত ড্যান্ডি ডাইংয়ের দপ্তরে আবার আগুন জ্বলতে দেখা যায়। এটি শর্টসার্কিট বা নাশকতামূলক কিনা তা নবম তলা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিতে দমকল বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিএসইসি ও রাজউকের একজন করে সদস্য ছিলেন।
তদন্ত কমিটির প্রতিবেদনে আগুনের ঘটনায় চারজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
কমিটির প্রধান মোশতাক হোসেন ইফতেখার সাংবাদিকদের জানান, আগুন লাগার সম্ভাব্য সব কারণই বিশ্লেষণ এবং এর সপক্ষে নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
