২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ মানুষের সাধনায় মেতেছে লালন আখড়া

‘সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে’--একতারা, দোতারা, ঢোল, ডুগি, খোল, জুরি আর নাম না জানা হরেক রকমের বাউল--বাদ্যে চলছে গান। মোহনীয় পরিবেশে মন ভুলানো শব্দসঙ্গীতে অথবা বীণাতারে নিঃশব্দে ভাব--বিনিময় করছেন সাধু--গুরু--শিষ্য অথবা শুধুই রবাহূত এমনকি অনাহুতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 07:12 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এমন পরিবেশই এখন কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহে’র আখড়ায়।

লালন একাডেমির আয়োজনে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় সেখানে শুক্রবার শুরু হয়েছে তিনদিনব্যাপী দোলপূর্ণিমা উৎসব।

জাঁকজমকপূর্ণ এ উৎসবে যোগ দিতে প্রতিবারের মতো লালন আখড়ায় এবারো এসেছেন দেশ-বিদেশের হাজার হাজার লালন ভক্ত ও দর্শনার্থী। তবে এবারের উৎসবে নারী সাধুদের উপস্থিতি একটু বেশি লক্ষ্য করা গেছে।

শুক্রবার সন্ধ্যায় কালিনদীর পাড়ে ভরাটকৃত উন্মুক্ত চত্ত্বরে দোল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর আখড়া আঙিনা ক্রমেই ভরে ওঠে।

দূর-দূরান্তের বাউলরা ভক্তদের নিয়ে ব্যস্ত থাকলেও পর্যটক ও উৎসুকদের ভিড় ছিল গভীর রাত পর্যন্ত।

শুক্রবার প্রথমদিন বৃষ্টি কিছুটা বাধ সাধলেও শনিবার দ্বিতীয়দিন জমে উঠেছে বাউল-ফকিরদের এ বার্ষিক দোলপূর্ণিমা উৎসব।

লালন একাডেমি সংলগ্ন মরা কালিনদীর পাড়ের বিশাল উন্মুক্ত চত্ত্বরে বসেছে গ্রামীণ মেলা। বাউল পণ্য ছাড়াও হরেক রকমের গৃহস্থলি ও নিত্য ব্যবহার্য্য সমগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

বাউলরা তাবু গেড়ে বসেছেন লালন একাডেমির বাউল আঙিনা এবং উন্মুক্ত চত্ত্বরের বিস্তৃর্ণ এলাকায়। শনিবার খুব সকাল থেকেই আখড়া বাড়ির চারপাশ প্রবীণ বাউল, ভক্ত অনুসারী ও সাধু-গুরুদের আনাগোনায় টইটুম্বর হয়ে উঠেছে। এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক অন্য ভাবের।

সাঁইজী লালনের আখড়া বাড়িতে ভক্তি শ্রদ্ধা জানিয়ে ভাব-লিলার যোগ অনুযোগ আদান-প্রদানে মেতেছেন বাউলরা। বাউল আচারের ভাব পরমপরা এবং সাধন সিদ্ধি বিনিময়ে প্রত্যেকটি আসরেই চলেছে বিরতিহীন গানের জমজমাট আসর। প্রবীণ বাউলদের ভারী কণ্ঠের গান আর একতারা, দোতারা ও করতালসহ বাউল বাদ্যের ধ্বনীতে মেতে উঠেছে পুরো আয়োজন।

এবার উৎসব শুরুর দু’দিন আগ থেকেই সাধু গুরু ও ভক্তরা জড়ো হয় আখড়ায়। লালন ভক্ত যুক্তরাষ্ট্রের নাগরিক রোনাল গোল্ড বলেন, লালনকে আমার ভালো লাগে। ভালো লাগে তার গান। তার আত্মার টানেই এবারই প্রথম এখানে ছুটে এসেছি।

সিলেট থেকে আসা কলেজ ছাত্র ইমতিয়াজ হান্নান লালন আখড়া দেখে মুগ্ধ হয়ে বলেন, এতদিন আমি বইয়ের পাতায় লালনের কথা পড়েছি। এখানে এসে বুঝতে পারলাম তিনি অনেক বড় মাপের একজন মহামানব ছিলেন।

ঠিক কবে থেকে শুরু হয়েছে এই দোলপূর্ণিমা উৎসব তা জানা না গেলেও বাউল সম্রাট ফকির লালন শাহ-ই প্রথম বাউল সাধু-ভক্তদের নিয়ে ছেউড়িয়ায় এ উৎসব পালন শুরু করেন বলে জানা যায়। যদিও ভারতবর্ষের প্রাচীন এই উৎসবকে ঘিরে দোল পূর্ণিমায় বৈষ্ণব সাধুরা রাধা-কৃষ্ণের প্রতীকী মূর্তি সাজিয়ে আনন্দ উৎসব করতেন। পরে বাউলদের মাঝে এই উৎসব নতুন মাত্রা যোগ করে। আর লালন সাঁইজীর মৃত্যুর পর এই দোল উৎসবই সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়।