প্রবাসীদের ভোটাধিকার: ১০ বছরেও বাস্তবায়িত হয়নি হাইকোর্টের রায়
প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে ১০ বছর আগে দেওয়া হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। দাবি মানা না হলে বাংলাদেশ বিমান ও বাংলাদেশি দূতাবাসগুলো বয়কটের মতো কর্মসূচিও নেওয়া হতে পারে বলে জানিয়েছে তারা।
তবে নতুন নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার। ফেব্র“য়ারির দ্বিতীয় সপ্তাহে সিলেটে মাজার ও আত্মীয়স্বজনের কবর জিয়ারতে এসে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, “প্রবাসীদের ভোটাধিকার প্রদানের বিষয়টি নতুন নির্বাচন কমিশন সক্রিয়ভাবে বিবেচনা করবে। এজন্য প্রয়োজনে আইন প্রনয়ণ করা হবে।”
জানা গেছে, স্বাধীনতার পর থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রবাসীদের নাম ভোটার তালিকায় ছিল। কিন্তু ১৯৮২ ও ১৯৯২ সালে জারিকৃত দুটি অধ্যাদেশের কারণে প্রবাসীরা ভোটার তালিকা থেকে বাদ পড়েন। এ দুটি অধ্যাদেশেই বলা হয়, ভোটার তালিকা তৈরির সময় ভোটারদের সশরীরে উপস্থিত থাকতে হবে। তবে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারী, যেমন: দূতাবাস, বাংলাদেশ বিমান, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ব্যাংক ইত্যাদিতে কর্মরতরা বিদেশে অবস্থান করলেও ভোটার তালিকাভুক্ত হতে পারবেন। তালিকাভুক্ত করা যাবে কারাগারে আটক হাজতি এবং কয়েদীদের নামও। কিন্তু উল্লেখিতদের বাইরে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নাম অন্তর্ভুক্ত করার কোনো ব্যবস্থা না থাকায় ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় তাদের নাম।
এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে শুরু থেকেই। তারই সূত্র ধরে ১৯৯৫ সালের ২১ নভেম্বর যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষে আলী রেজা খান হাইকোর্টে এক রিটে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন জানান। ১৯৯৭ সালের ১২ আগস্ট বিচারপতি মাইনুর রেজা চৌধুরী ও বিচারপতি এম এ রুহুল আমিনের দেওয়া রায়ে বলা হয়, “বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যারা বিদেশে আছেন এবং বাংলাদেশে যাদের স্থায়ি ঠিকানা রয়েছে, তারা বাংলাদেশের ভোটার তালিকাভুক্ত হতে ও ভোট দিতে পারবেন।”
কিন্তু হাইকোর্টের ওই রায়ের পর ১০ বছর পেরিয়ে গেলেও সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় এখনো প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার কোনো ব্যবস্থা করা হয়নি। এ ব্যাপারে বিভিন্ন সময়ে প্রতিশ্র“তি দিলেও তা বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ ও চারদলীয় জোট সরকার। আগামী নির্বাচনকে সামনে রেখে তাই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে প্রবাসীদের সংগঠনগুলো। আর এ আন্দোলন গড়ে উঠছে বাংলাদেশে প্রবাসীদের এলাকা হিসেবে পরিচিত বৃহত্তর সিলেটকে ঘিরে। এরই মধ্যে ঢাকা ও সিলেটে এ ব্যাপারে একাধিক মত বিনিময় সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ওভারসিজ ইউনিয়ন যৌথভাবে প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে ২৪ জানুয়ারি সিলেটে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তারা জানান, দাবি মানা না হলে বিমান ও হাই কমিশন বয়কট করারও কর্মসুচির ঘোষণা করা হতে পারে।
বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, “প্রবাসীদের ভোটার করার পক্ষে আদালত রায় দিয়েছে। তারপরও কেন প্রবাসীদের ভোটার করা হচ্ছে না তা আমরা বুঝতে পারছি না। এ কারণে এখন জোর আন্দোলনে যাওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই। কোন সরকারই আমাদের দাবি পূরণ করেনি। আমরা অচিরেই এই সরকারের উচ্চ পর্যায়ে আমাদের দাবি তুলে ধরব।”
এছাড়া কানাডা থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ বিদেশ পত্রিকার উদ্যোগে গত ৮ ফেব্র“য়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাংবাদিক জগলুল আহমদ চৌধুরীসহ অনেক বিশিষ্টজন প্রবাসীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
সাপ্তাহিক দেশ বিদেশ পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম মিন্টু জানান, তারা শিগগিরই প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাদের দাবি তুলে ধরবেন।
এর আগে গত জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে এসে লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর মেয়র কাউন্সিলর শফিকুল হক দুই প্রধান দলের নেত্রীর সঙ্গে দেখা করেন প্রবাসীদের ভোটাধিকার দাবি নিয়ে আলোচনার জন্য। টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র গোলাম মতুর্জাও সিলেটে এ দাবির পক্ষে মতবিনিময় করেছেন।
প্রবাসীদের অভিযোগ, বিভিন্ন দেশের প্রবাসীরা তাদের দেশে ভোটার তালিকাভূক্ত তো আছেনই, বিদেশে বসে তারা ডাকযোগে ভোটও দিতে পারেন। কিন্তু বাংলাদেশের প্রবাসীরা আন্দোলন--সংগ্রাম এবং উচ্চ আদালতের রায়ের পরও ভোটার হতে পারছেন না।
