জাবিতে যুবকের লাশ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার দুপুরে এক যুবকের গলিত লাশ পাওয়া গেছে। পকেটের পরিচয়পত্র অনুসারে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ধারণা করছে পুলিশ।
পরিচয়পত্র অনুযায়ী জানা গেছে, তার নাম বায়তুল আমীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০২-০৩ শিক্ষাবর্ষের এমবিএ’র ছাত্র। লাশে পচন ধরায় পুলিশ পরিচয়পত্রের ছবির সঙ্গে চেহারার মিল সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
সূত্র জানায়, তিনদিন আগে এক পথচারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ--পূর্ব কোণ সংলগ্ন ঢাকা--আরিচা মহাসড়কের পাশে একজনকে শুয়ে থাকতে দেখেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় একইভাবে তাকে একই স্থানে দেখতে পেয়ে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে ভারপ্রাপ্ত প্রক্টর মাফরুহী সাত্তার, আশুলিয়া থানার এসআই ফণীভূষণ হালদার ঘটনাস্থলে যান।
সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) হামিদুর রহমান জানান, লাশে পচন ধরেছে। তার পরনে সাদা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো জুতা ছিলো।
নিহত যুবকের পকেটে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের ক্রেডিট কার্ড, মানিব্যাগ, তিনটি মোবাইল সিমকার্ড, টেলিফোন ইনডেক্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএর একটি পরিচয়পত্র পাওয়া গেছে।
এসআই ফণীভূষণ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এর আগে ২০০৪ সালের ১ সেপ্টেম্বর জাবির মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে ধর্ষণের পর হাত পায়ের রগ ও গলা কেটে গার্মেন্টস কর্মী রাহেলাকে মুমূর্ষু অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তিনি মারা যান। এছাড়া গত বছরের ১ আগস্ট প্রীতিলতা হল সংলগ্ন বাগানের কাঁঠাল গাছে ঝুলন্ত এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যায়।
