২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স বাড়লেও কলেবর বাড়েনি চট্টগ্রাম চিড়িয়াখানার

মনোরম পাহাড় ঘেরা ফয়’স লেক, একনামেই সবাই চেনে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন প্রাকৃতিক সৌন্দর্যে মনমাতানো এই লেকে। তবে এই লেকের পাড়েই যে আছে একটি চিড়িয়াখানা, সেটা কিন্তু অনেকেরই অজানা। জানাচ্ছেন রুহুল আমিন রানা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 02:55 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ফয়’স লেকে ঢোকার মুখে হাতি ও জিরাফের মূর্তি দেখে, আর তার পাশের সাইনবোর্ড পড়েই অনেক দর্শনার্থী প্রথম জানেন এই চিড়িয়াখানাটির অস্তিত্বের খবর। অথচ, এর বয়স কিন্তু মোটেই কম নয়। হাঁটি হাঁটি পা পা করেই গত বুধবার দেড়যুগে পা দিয়েছে এটি।

বয়স দেড়যুগ হলেও অবশ্য এই চিড়িয়াখানার সংগ্রহশালা মোটেই তেমন সমৃদ্ধ নয়। প্রবেশ পথের সামনে হাতি আর জিরাফের মূর্তি আছে বটে, কিন্তু ভেতরে ঢুকলে আর খুঁজে পাওয়া যাবে না এই দুটি প্রাণীর অস্তিত্ব। তেমনি ক্যাঙারুসহ আরো কিছু প্রাণী আছে কেবল মুর‌্যালেই।

চিড়িয়াখানায় বেড়াতে আসা জোবায়ের খান নামে একদর্শক বুধবার বাস্তবে  হাতি--জিরাফের দেখা না পেয়ে  রসিকতা করে বললেন “দুধের সাধ কি ঘোলে মেটে। দেয়ালে আঁকা ম্যুরাল দিয়ে জাদুঘর হতে পারে, চিড়িয়াখানা নয়।”

১৯৮৯ সালের ২৮ ফেব্র“য়ারি ফয়’স লেকের পাশের প্রায় ৬ একর জায়গা নিয়ে যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানার। তবে প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও এই চিড়িয়াখানাটি চলছে এক রকম হামাগুঁড়ি দিয়ে। দান, বিনিময় আর শুভেচ্ছা উপহার সূত্রে পাওয়া বিভিন্ন পশু---পাখি নিয়েই গড়ে উঠেছে এর সংগ্রহ।

এসব উপহার যারা দিয়েছেন, তাদের মধ্যে আছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান চৌধুরী বাবু, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী,  সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, এলিট গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমদ, এনজি সাহা, রাজগরিয়া পরিবার আর উদালিয়া চা বাগান কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে এখানে ৬৭ প্রজাতির ২৭০টি পশুপাখি রয়েছে। কিন্তু পাখি আর বানরের কথা বাদ দিলে আসলে বাস্তবে ১৮টি প্রাণীও নেই।

পাহাড় কেটে তৈরি করা মনোরম পরিবেশের এই  চিড়িয়াখানায় এক চক্কর ঘুরে এলে চোখে পড়বে বাঘ, সিংহ, কয়েক ধরনের হরিণ, ভাল্লুক, বানর, হনুমান, হায়েনা, কুমির ও ময়ুর, অলিভ বেবুন, অস্ট্রেলিয়ান ইমু, পানকৌড়ি, রাজশকুন, মেছো বিড়াল, রাজ ধনেশ, সাদা বক, শঙ্খ চিল, বন্য শুকরের মতো কিছু প্রাণী। কিন্তু দর্শক আকর্ষণ করতে পারে এমন প্রাণীর বড়ই অভাব এখানে।

এ ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য, জিরাফ ও হাতি রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলেই এগুলোর মূর্তি প্রবেশমুখে স্থাপন করা হয়েছে। তাছাড়া পরিবেশের কারণে এখানে অনেক প্রাণীই রাখা সম্ভব নয় বলে তেমন উদ্যোগ নেওয়া হয়নি।

১৮ বছরে সংখ্যার হিসেবে পশুপাখির সংখ্যা কিছুটা বাড়লেও এ সব কারণে দর্শক আকৃষ্ট  করতে পারছে না চিড়িয়াখানাটি। তার ওপর বিভিন্ন প্রাণীর মৃত্যুর কারণে সংখ্যাটাও কমছে প্রতি বছর। চিড়িয়াখানার একটি সূত্র জানায়, এ পর্যন্ত প্রায় শ’খানেকের বেশি পশুপাখি নানা কারণে মারা গেছে। সেই হারে নতুন অতিথির সমাগম ঘটেনি।   

চিড়িয়াখানার চিকিৎসক মো. এনজুর মোরশেদ অবশ্য দাবি করছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর মৃত্যুর হার অনেক কমে গেছে। তিনি জানান, গত তিন বছরে এ হার দাঁড়িয়েছে চার শতাংশে।

তবে সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে নতুন এক সমস্যাÑ শব্দ দূষণ। ফয়’স লেকে ইদানিং নানা উপলক্ষে প্রায়ই আয়োজন করা হয় কনসার্ট। আর এই কনসার্টের মাইকের শব্দে পশুপাখিগুলো রীতিমতো আতঙ্কিত হয়ে থাকে। চিড়িয়াখানার চিকিৎসক জানান, অতিরিক্ত আওয়াজের কারণে পশুপাখিরা হতবিহ্বল হয়ে অনেক সময় নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু করে দেয়। কয়েকদিন আগেই যেমন চিড়িয়াখানার সবচেয়ে দুর্লভ সংগ্রহ প্যারা হরিণ দুটি শিং দিয়ে গুঁতোগুতি করে রক্তাক্ত হয়েছে। 

এখানে আসা দর্শনার্থীদের আরেকটি অভিযোগ চিড়িয়াখানাটির পরিবেশ নিয়েও। বিভিন্ন পশুপাখি রাখার জন্য নির্ধারিত ৪০টি খাঁচা একেবারে ঠাসাঠাসি করে রাখায় দর্শনার্থীদের মুখোমুখি হতে হয় এক উৎকট দুর্গন্ধের।

এ ব্যাপারে মোরশেদ জানান, জায়গার অভাবে চিড়িয়াখানাকে সাজানো যাচ্ছে না। এ কারণে দুর্গন্ধও দূর করা সম্ভব হচ্ছে না।

তবে তিনি জানালেন, এরই মধ্যে নতুন করে বেশকিছু উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। চিড়িয়াখানা সম্প্রসারণের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ২০ একর জমি বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে। জমি এবং সরকারি অনুদান পাওয়া গেলে চিড়িয়াখানাকে নতুন করে সাজানোর চেষ্টা করা হবে।