বাংলা ভাইয়ের সহযোগী সাত্তার মাস্টারসহ ১০ জন আটক
রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী মাদ্রাসা শিক্ষক সাত্তার বিএসসি ও আবদুস সোবহানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিনের (জেএমবি) সদস্য।
বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পুলিশ গ্রেপ্তারকৃতদের জরুরি বিধিমালা ২০০৭-- এর ১৬ (২) ধারায় চালান দিয়ে এক মাসের আটকাদেশ চেয়ে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড যাত্রাগাছী মাদ্রাসার শিক্ষক আবদুস সাত্তার বিএসসি, উত্তর একডালা দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুস সোবহান, যাত্রাগাছীর মাসুদ রানা, উদপাড়ার লুৎফর রহমান, মানিক মৃধা, আবদুর রশিদ, শান্তপাড়ার আবদুল কুদ্দুস, গোয়ালকান্দির আবদুর রহমান, তাহেরপুরের ফিরোজ আহমেদ ও বিষুপাড়ার আবু মুসা।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা গোলাম সারোয়ার জানান, আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য। তারা সবাই বাংলা ভাইয়ের বাগমারা অভিযানের সময় সবগুলো অপারেশনেই সক্রিয় অংশ নিয়েছিল।
বৃহস্পতিবার এক মাসের আটকাদেশ চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এর আগে ২০০৫ সালে আওয়ামী লীগ নেতা মাহবুব হত্যা মামলার অন্যতম আসামী হিসেবে সাত্তার বিএসসিকে আটক করা হয়। পরে ৬৮ জন জেএমবি সদস্যের সঙ্গে তিনি জামিনে মুক্তি পান।
