কালোবাজারে সার বিক্রির অভিযোগে ৬ জন গ্রেপ্তার
কালোবাজারে সার বিক্রির অভিযোগে বুধবার রাতে বিডিআর সদস্যরা সার মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত কৃষি বিভাগের দুই উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
এসময় শহরের পুরাতন বাজার মহানন্দা নদীর সাধুর ঘাট থেকে নৌকা বোঝাই ১৮ বস্তা ইউরিয়া সার আটক করে। এ ব্যাপারে বিডিআর বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃতরা হলেন সার ডিলার সাজ্জাদ হোসেন এন্ড সন্স এর কর্মচারী রফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম, ক্রেতা আফসারুল ইসলাম ও মোহাম্মদ আলী এবং কৃষি বিভাগের দুই উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও তোফায়েল হোসেন।
