ফেনীতে ফের সক্রিয় জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদ
বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফেনী শহরে আবারও জঙ্গী সংগঠন হিজবুত তাওহীদের তৎপরতা শুরু হয়েছে। এ নিয়ে শহরের রামপুর এলাকায় অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এলাকায় বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা।
গণস্বাক্ষর সংগ্রহ করে এলাকাবাসী স্মারক লিপি দিয়েছে ডিসি-এসপিকে। এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরে জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের বশিকপুরে তৎপরতা চালাচ্ছে জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদ।
গত বছর জুন মাসে এরা ফেনী শহরের বিভিন্ন পাড়ায় লিফলেট বিলি করে। সে সময় বিভিন্ন পত্রিকায় এ নিয়ে লেখালেখি হলে এরা শহরের রাজাঝীর দিঘীর পাড়ে সওজ ডাক বাংলোয় প্রকাশ্যে সংবাদ সম্মেলনও করে।
তারপত্র বেশ কিছুদিন এদের তৎপরতা চোখে পড়েনি। তবে দুই মাস আগে ফেনী শহরের রামপুরে এরা আবার তৎপরতা শুরু করে।
তারা আরও জানান, ফেনী বাজারের ফাতেমা জুয়েলার্সের মালিক ও রামপুরের সৈয়দ বাড়ি লেনের বাসিন্দা আবদুল গোফরানের ছেলে শরিফুল ইসলাম সুজন (৩০) হিজবুত তাওহীদের স্থানীয় নেতা। তার সঙ্গে সওদাগর বাড়ি এলাকার ভাড়াটে সিরাজ মিয়ার ছেলে মিন্টু মিয়া এবং আরও কয়েকজন রামপুর এলাকায় বেশ কিছুদিন তৎপরতা চালিয়ে কয়েকজন যুবককে দলে ভেড়ায়। সম্প্রতি সওদাগর বাড়ির রফিকুল হকের ছেলে আলমগীরকে (৩২) দলে ভেড়ায় তারা।
ব্যবসায়ী ও এক সন্তানের জনক আলমগীর বাড়িতে গিয়ে সম্প্রতি হিজবুত তাওহীদের বিতর্কিত বাণী প্রচার করতে গেলে বাড়ির লোকজন তাতে সায় দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সে ভাংচুর চালায় ও ঘর ছেড়ে কথিত ‘হিজরতে’ যাবার প্রস্তুতি নেয়।
এ সময় তার বাবা তাকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু হিজবুত তাওহীদ কর্মীদের চাপে তা সম্ভব হয়নি। তারা আলমগীরের বাবাসহ পরিবারের সদস্যদের অপমান করলে উত্তেজনার সৃষ্টি হয়।
এলাকাবাসী প্রতিবাদ জানালে তাদের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসী মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি দিয়েছে। এতে জঙ্গীদের তৎপরতা বন্ধের দাবি জানানো হয়।
হিজবুত নেতা সুজনের বাবা গোফরান নফহবংি২৪.পড়স কে জানান, বহু চেষ্টা করেও ছেলেকে তিনি এ পথ থেকে ফেরাতে পারছেন না।
