২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের মধ্যেই সম্প্রচারে ফেরার আশা এনটিভি ও আরটিভির

সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যাওয়া এনটিভি ও আরটিভির সম্প্রচার এক সপ্তাহের মধ্যেই আবার শুরু হবে বলে আশা করছেন চ্যানেলদুটির কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ঙ্গলবার দুটি আলাদা প্রেস কনফারেন্সে এনটিভি ও আরটিভির পক্ষ থেকে এই আশ্বাস শুনিয়েছেন দুটি চ্যানেলেরই ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান।

“স্বল্পতম সময়ের মধ্যেই সম্প্রচার শুরুর ব্যাপারে আমরা খুবই আত্মবিশ্বাসী। আমাদের প্রকৌশল বিভাগের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে, তারা জানিয়েছেন সাময়িক সম্প্রচার শুরু করা সম্ভব। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই সেটা সম্ভব হবে”Ñ বলেছেন এনায়েত।

কারওয়ান বাজারের বিসিএসইসি ভবনে সোমবারের আগুনে পুড়ে গেছে ভবনটির অষ্টম ও নবম তলায় অবস্থিত এ দুটি বেসরকারি টেলিভিশনের অফিস এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি। ওইদিন সকাল সাড়ে দশটার পর থেকেই বন্ধ রয়েছে চ্যানেলদুটির সম্প্রচার।

তবে এনটিভি কর্তৃপক্ষ এরই মধ্যে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত ইকবাল টাওয়ারে অস্থায়ি কার্যালয় স্থাপনের ব্যবস্থা করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আপাতত যদি পুরো সম্প্রচার চালু সম্ভব না হয়, সেক্ষেত্রে প্রতিদিন তিনঘন্টা কিংবা তারচেয়ে কম সময়ের জন্য হলেও সম্প্রচার অবিলম্বে শুরু করার চেষ্টা করা হবে। কর্মীদের প্রবল আত্মবিশ্বাসই তাদের এ আগ্রহের উৎস বলে জানিয়েছেন চ্যানেলদুটির কর্মকর্তারা।

আরটিভির জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন আসিফ বলেন, “আমরা চাইবো দুটি চ্যানেলেরই সম্প্রচার যেন শুরু করা হয় একই দিনে।” আরটিভির অন্যতম পরিচালক লুৎফর রহমান বাদল বলেন, “আমরা যদি ঐকবদ্ধ থাকি আর ধৈর্য ধরে রাখতে পারি, তাহলে সম্প্রচার শুরুতে আর কোনো বাধাই থাকবে না।” এ ব্যাপারে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অভিন্ন মালিকানার এই চ্যানেল দুটিরই প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন বেলাল ইমরান। তিনি জানান, “আমাদের যন্ত্রপাতি সরবরাহ করেছিলেন যারা তাদের সঙ্গে কথা হয়েছে এরইমধ্যে। অবিলম্বে সম্প্রচার শুরুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন তারা। সবাই মিলে কাজ করতে পারলে এক সপ্তাহের মধ্যেই সম্প্রচার আবার শুরু সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস।