বিএসইসি ভবনে আগুনে ৩ জনের মৃত্যু, এনটিভি ও আরটিভির প্রচার বন্ধ
রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে আগুন লেগে অন্তত তিনজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতরা হলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) মহাব্যবস্থাপক সৈয়দ আফতাব উদ্দিন মোল্লা, একই প্রতিষ্ঠানের কর্মী মোকসেদা বেগম ও এনটিভির ক্লিনার জ্যোৎস্না বেগম। ১১ তলা এ ভবনটিতে দুটি বেসরকারি টেলিভিশন, একটি দৈনিক পত্রিকা ও ব্যাংকসহ অন্তত ১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা এবং উদ্ধার পাওয়া লোকজন জানিয়েছেন, ভবনটিতে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আগুনে মাঝের কয়েকটি তলায় তেমন কোনো ক্ষতি না হওয়ায় বিএসইসির একটি সূত্র একে ‘রহস্যজনক’ মনে করছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি এবং শিল্প মন্ত্রলায়ের অধীনে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের কমিটি রিপোর্ট দেবে ২৪ ঘণ্টায় এবং স্বরাষ্ট মন্ত্রণালয়ের কমিটি রিপোর্ট দেবে ৪৮ ঘণ্টার মধ্যে।
সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আগুন লেগে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। সম্প্রচার বন্ধ হয়ে যায় এনটিভি ও আরটিভির। বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের বিভিন্ন অংশ তখনো জ্বলছিল। সেনাবাহিনীর মেজর মহসীন আলম নফহবংি২৪.পড়স-- কে জানান, তিনি ১০ তলা পর্যন্ত ঘুরে দেখেছেন। নিচ তলা থেকে ৫ তলা এবং ৯ থেকে ১১ তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ তলা পর্যন্ত হতাহত কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।
মেজর মহসীন আলম বলেন, “৬ থেকে ৮ তলায় অনেক কিছুই অক্ষত আছে। আমি নিজে ৬ তলা থেকে টেলিফোনে কথা বলেছি।” নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা বলেছেন, “ওপরে ও নিচের কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়লেও মাঝখানের কয়েকটি তলা ছিল একেবারেই অক্ষত। এটা রহস্যজনক।” বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ধ্যার পর ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও এলডিপি সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী পৃথক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। (আরও তথ্যসহ-- ১৮)
বিএসইসির চেয়ারম্যান মুহাম্মদ আবু জাফর জানান, আগুন লাগার সময় তিনি ছিলেন না। মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে এলেও ভিতরে ঢুকতে পারেননি। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, ভবনের দোতলায় বেঙ্গল গ্রুপের একটি অফিস আছে। ওইখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী জানান, তিনি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। নাশকতার কারণে আগুন লেগেছে বলে মনে করেন কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি ‘না’ সূচক জবাব দেন।
আগুন লাগার পর উদ্ধার পাওয়া এনটিভির নিউজ রুম এডিটর ফাহমিদা মাহবুব অনি বেলা সোয়া একটার দিকে নফহবংি২৪.পড়স - কে বলেন, “দোতলায় আগুন লাগার খবর পাই প্রথমে। কিন্তু আগেও সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রথমে আমলে নেইনি। পরে ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নামতে গিয়ে ৬ তলার পর আর নামতে পারিনি। নিচ থেকে মানুষজন পিঁপড়ার মতোন হুড়োহুড়ি করে ওপরে উঠছিলেন। আমরা সবাই তখন দৌড়ে ছাদে আশ্রয় নিই। উদ্ধারকারী হেলিকপ্টারে করে আমাকে সেখান থেকে নিয়ে আসা হয়।”
ফাহমিদা জানান, আতঙ্ক ছড়িয়ে পড়ায় ছুটাছুটি শুরু করে লোকজন। নিউজ রুমের কর্মীরা বিশেষ করে মেয়ে কর্মীরা ভয়ে কান্নাকাটি শুরু করে দিলে সেখানে ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, ছাদে আশ্রয় নেওয়ার পর প্রথমে কথা ছিল মেয়েদের উদ্ধার করা হবে। কিন্তু হেলিকপ্টার আসার পর আতঙ্কিত লোকজন সবাই একসঙ্গে উদ্ধার পাওয়ার চেষ্টা করলে তা ব্যর্থ হয়। অনেকটা হুড়োহুড়ির মধ্যেই তাকে ঠেলে তোলা হয় হেলিকপ্টারের উদ্ধারকারী ঝুড়িতে। কিন্তু ওই ঝুড়িতে মাত্র একজনের স্থান সংকুলান হওয়ায় খুব বেশি লোকজনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান। তবে প্রথম সুযোগেই তিনি উদ্ধার পান।
ঢাকা মেট্রোপলিটন কমিশনার নাঈম আহমেদ দুপুর সোয়া একটায় নফহবংি২৪.পড়স কে বলেন, “নিচের দিকের তলাগুলোতে আগুন কিছুটা কমে এলেও ভবনটির ছয় থেকে ১১ তলার আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। আগুন ক্রমেই ওপরের দিকে ধাবিত হচ্ছে।”
উদ্ধার তৎপরতায় নেতৃত্বদানকারী দমকল বাহিনীর উপপরিচালক (ডিডি-- ১, ঢাকা) সেলিম ভুঁইয়া আহত হয়ে বর্তমানে মোহাম্মদপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তিনি এক মহিলাকে বাঁচাতে গিয়ে বুকে ব্যথা পান।
ছাদে আটকা পড়া অন্যদের বিকল্প সিঁড়ি দিয়ে পাশের মসজিদের ছাদে নামানো হয়। হেলিকপ্টার দিয়ে প্রথমে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়। কিন্তু হেলিকপ্টারের পাখার ঘূর্ণনে সৃষ্ট প্রচ- বাতাসে কারণে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রত্যাহার করা হয় সেগুলো। ক্রেনের সাহায্যেও কয়েকজনকে নামিয়ে আনা হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনা, বিমান ও নৌবাহিনী, র্যাব, দমকল, রেডক্রিসেন্ট সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।
ভবনটিতে এনটিভি, আরটিভি, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ ও ড্যান্ডি ডায়িংয়েরসহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। আগুনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা কার্যালয়েরও ব্যাপক ক্ষতি হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ে শেয়ার বাজারেও। সোমবার সেখানে বড় ধরনের দরপতন ঘটে।
আগুনে বিভিন্ন অফিসের কর্মীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন এবং প্রায় সবাই একসঙ্গে ছাদে আশ্রয় নেন। প্রচ- ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়ায় সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভবনের লেকজনসহ দমকল বাহিনীর কর্মীরাও আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
ভবন থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত বিএসইসির কর্মী মোকসেদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত আফতাবউদ্দিন মোল্লা মারা গেছেন শমরিতা হাসপাতালে। তিনি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) মহাব্যবস্থাপক (বাজেট) ছিলেন। এনটিভির ক্লিনার জ্যোৎস্না বেগম মারা যান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সাহায্যে বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার ঘটনাস্থলে যায়। একজন সামরিক কর্মকর্তা নফহবংি২৪.পড়স -- কে জানান, ভবনটির উপরে হেলিকপ্টার নামার কোনো জায়গা না থাকায় তাদের অসুবিধায় পড়তে হয়। ফলে হেলিকপ্টার পাঠানো হলেও খুব বেশি কাজে আসেনি।
এদিকে আগুন লাগার পরপর শাহবাগ মোড় থেকে ফার্মগেট, পান্থপথ থেকে এফডিসি পর্যন্ত সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কে অবস্থান নেয় কয়েক হাজার মানুষ। দুপুর তিনটার পর থেকে পুলিশ ও র্যাব সদস্যরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নফহবংি২৪.পড়স --এর সিনিয়র প্রতিবেদক নাইমুল হক জানান, হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে ভর্তি আছেন ৯ জন। এ ছাড়া আরও আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির বিক্রয় কর্মকর্তা আজিজুর রহমান পাঁচ তলা থেকে লাফিয়ে পড়ায় তার পা ভেঙে গেছে। একই কোম্পানির নিরাপত্তাকর্মী চান মিয়াকে সেনাবাহিনী ও দমকল কর্মীরা উদ্ধার করেছে অচেতন অবস্থায়, একই কোম্পানির সৈয়দ শামসুল হুদারও পা ভেঙে গেছে এবং সাইফুর রহমানকে উদ্ধার করা হয়েছে অচেতন অবস্থায়। এনটিভির লাইটম্যান নুরুন্নবীর অবস্থা আশংকাজনক।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার বিষয়টিকে দুর্ঘটনাই মনে হচ্ছে। তবে সব প্রমাণ হাতে পেলেই এ ব্যাপারে বিস্তারিতভাবে বলা যাবে।
তিনি বলেন, এ ঘটনার পর দমকল বাহিনীকে আধুনিকায়ন করা হবে। দমকল কর্মীদের দেওয়া হবে আরও আধুনিক যন্ত্রপাতি।
অগ্নিকা-ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দুঃখ প্রকাশ করেছেন।
রাত ৯টা ০৫ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ও খন্দকার দেলোয়ার হোসেনসহ কারওয়ান বাজারে ঘটনাস্থলে যান। তবে পুরো ভবনটি নিরাপত্তাবেষ্টিত থাকায় তিনি ভিতরে ঢুকতে পারেননি। এসময় তিনি বলেন, এটা ‘সাবোটাজ’ বা গভীর কোনো ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখতে হবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার, বার্তা সম্পাদক রেজানুল হক রাজা, মোসাদ্দেক আলী ফালুর ভাই নুরুদ্দিন নুরু। এরপর খালেদা জিয়া আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এর আগে তিনি এক বিজ্ঞপ্তিতে জানমালের ক্ষয়--ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করারও আহ্বান জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের এক বিবৃতিতে হাসিনা এ ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং হতাহততের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি এ অগ্নিকা-ের সঠিক কারণ নির্ণয় ও রহস্য উদঘাটনেরও দাবি জানান।
এলডিপির এক বিবৃতিতে সভাপতি বদরুদ্দোজা চৌধুরী অগ্নিকা-ের ঘটনায় উৎকণ্ঠা প্রকাশ করেন এবং এর কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মন্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম পৃথক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করেন।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক ও মহাসচিব রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এলাহী নেওয়াজ খান ও সাধারণ সম্পাদক সরদার ফরিদ অগ্নিকা-ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানান।
