বাগেরহাটে দৃষ্টি প্রতিবন্ধী যুবলীগ নেতা ও ছাত্রলীগ নেতাসহ আটক ১১
যুবলীগ নেতা জহিরুল ইসলাম লিটু এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমসসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে বাগেরহাটের পুলিশ। মঙ্গল ও বুধবার জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
তবে লিটুর পরিবারের দাবি, তিনি দৃষ্টি প্রতিবন্ধী। তা ছাড়া দু বছর আগে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। ফলে তিনি ভাল করে হাটতেও পারেন না। পুলিশ তাকে উদ্দেশ্যমূলকভাবে ডাকাতি মামলায় গ্রেপ্তার করে বুধবার আদালতে চালান করেছে।
এদিকে মঙ্গলবার রাতে শহীদ মিনারে ফুল দিতে এসে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন ছাত্রলীগ নেতা জেমস। তার পরিবার অবশ্য দাবি করেছে জেমসের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকলেও তিনি ঐ সব মামলায় জামিনে রয়েছেন।
