২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ত্রাণের আরও টিন উদ্ধার

দেশের বিভিন্ন এলাকায় যৌথবাহিনী সোমবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি নেতাদের বাড়ি থেকে আটশ’রও বেশি ত্রাণের ঢেউটিন উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এর মধ্যে পাবনায় বিএনপির সাবেক সাংসদ এ কে এম সেলিম রেজা হাবিবের বাড়ি ও তার প্রতিষ্ঠিত কলেজ থেকেই পাওয়া গেছে ৪৭৫ টি ঢেউটিন। প্রতিনিধিদের পাঠানো খবর:

পাবনা প্রতিনিধি জানান, যৌথবাহিনী অভিযান চালিয়ে পাবনা -- ২ আসনে বিএনপির সাবেক সাংসদ এ কে এম সেলিম রেজা হাবিবের বাড়ির পাশের একটি পুকুর, তার নিজের ও তার মায়ের নামে প্রতিষ্ঠিত দুটি কলেজ থেকে ৪৭৫টি ত্রাণের ঢেউটিন উদ্ধার করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার দুপুরে রায়গঞ্জ উপজেলা বিএনপি নেতা আফিজের ঘরের চাল থেকে ৪০টি, মথুরাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলামের ধানগড়া বাড়ির চাল থেকে ৪০টি এবং শুভাগাছা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতনের তিনটি ঘরের চাল থেকে ৭৬টি টিন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ফরিদপুর প্রতিনিধি জানান, যৌথবাহিনী সোমবার নগরকান্দা উপজেলা বিএনপির সহ--সভাপতি ও বল্লভদী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্লার গ্রামের বাড়ি ফুলবাড়ি, ফুলবাড়ি বাজার ও পাশের দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করে ৫৫টি ত্রাণের টিন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ভোলারহাট ও শিবগঞ্জ উপজেলার দুটি গ্রাম থেকে সোমবার উদ্ধার করা হয় ৫০টি ত্রাণের টিন। ভোলার হাটের দলদলি ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে ৩২টি ঢেউটিনসহ আটক করা হয়েছে জনৈক হাবিবুলকে।  এদিকে শিবগঞ্জ থানা পুলিশ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চক আলমপুর গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত ১৮ টি ত্রাণের টিন উদ্ধার করেছে।

রাজশাহী প্রতিনিধি জানান, গোদাগাড়ীতে বিএনপি ও জিয়া পরিষদের ৪ টি কার্যালয় থেকে আট বান্ডিল রিলিফের ঢেউটিন উদ্ধার করেছে যৌথবাহিনী। গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ২০০৫ সালে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের সুপারিশে রিলিফের ঢেউটিন জিয়া পরিষদের নামে বরাদ্দ দেওয়া হয়।

গোদাগাড়ী থানা পুলিশ জানায়, জিয়া পরিষদের সভাপতি আব্দুস সালাম আওয়াল ও সাধারণ ও সম্পাদক সারোয়ার জাহান ডাবলুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।