২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি অটোরিক্সার জন্য নতুন নীতিমালা করবে সরকার

সিএনজি অটোরিক্সার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করবে সরকার। নতুন এই নীতিমালায় অটোরিক্সার মালিক, চালক ও যাত্রী-- সবার স্বার্থই রক্ষা করা হবে বলে প্রতিশ্র“তি দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার উপদেষ্টার সঙ্গে সিএনজি  অটোরিক্সা মালিক এবং চালক সমিতির বৈঠকে এ নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য সুপারিশ তৈরিতে দু’এক দিনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে।

এই কমিটি আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

বৈঠক সূত্র জানায়, সিএনজি অটোরিক্সার জমা নেওয়ার ব্যাপারে আলোচনার একপর্যায়ে মালিকপক্ষ এবং চালক সমিতির নেতারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মালিকপক্ষ প্রতিদিন পাঁচশ টাকা জমা নেওয়ার কথা স্বীকার করলেও চালকরা দাবি করেন তাদের কাছ থেকে ছয়শ থেকে সাড়ে ছয়শ টাকা আদায় করা হচ্ছে।

সূত্র আরো জানায়, বর্তমান নীতিমালা অনুযায়ী সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া বাবদ মালিকদের তিনশ টাকা জমা নেওয়ার কথা। কিন্তু মালিকরাই স্বীকার করেছেন এক্ষেত্রে পাঁচশ টাকা নেওয়া হচ্ছে। এর কারণ হিসাবে তারা রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ার কথা উপদেষ্টাকে জানান।

যোগাযোগ উপদেষ্টা বৈঠকে বলেন, মালিক, চালক এবং যাত্রীদের সার্বিক স্বার্থ বিবেচনা করে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।