২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় মেয়াদে খালেদা জিয়া ছিলেন বেপরোয়া: প্রথম আলো’র প্রতিবেদন

খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়কেন্দ্রীক বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির ওপর সাক্ষাৎকারভিত্তিক একটি প্রতিবেদন সোমবার প্রকাশ করেছে দেশে সর্বাধিক প্রচারিত দৈনিক ‘প্রথম আলো’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব এ এইচ এম নূরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “দ্বিতীয় মেয়াদে খালেদা জিয়া বেপরোয়া হয়ে পড়েন।”

সাক্ষাৎকারে নূরুল ইসলাম বলেন, সরকারের ঘনিষ্ঠ চার শ্রেণীর ব্যক্তি গত পাঁচ বছরে সংঘটিত দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। সাবেক এই ভারপ্রাপ্ত সচিব দাবি করেন, দায়িত্ব পালনকালে প্রচলিত আইন ও সরকারি কার্যবিধি অনুসারে বিভিন্ন ফাইলে তিনি মতামত দিয়েছেন। এসব মতামতের কিছু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের ইচ্ছার বিপক্ষে যাওয়ায় ২০০৪ সালের ৩ জুন তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এ এইচ এম নূরুল ইসলাম প্রথম দুই বছর তার একান্ত সচিব ও পরে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন।

সে সময়কার অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রথম আলোকে তিনি বলেন, “বড় বড় সরকারি কেনাকাটার প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে তোলা হলে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত বেড়ে যেত। বড় অঙ্কের সরকারি কেনাকাটার ক্ষেত্রে তারা প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীর কার্যারয়ের বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রভাবিত করতেন।”

এদের মধ্যে কানাডিয়ান কোম্পানি নাইকোকে পরিত্যক্ত গ্যাসফিল্ড অনুসন্ধান ও উত্তোলনের কাজ বরাদ্দ দেওয়ার আগে তারেক রহমানকে ঘন ঘন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা গেছে বলে তিনি জানান। এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান, বোনের ছেলে শাহরিন ইসলাম তুহিন, ভাই সাইদ এস্কান্দার ও অন্য ভাই শামীম এস্কান্দারের শ্যালক শাহেদুল হকও সেখানে নিয়মিত যেতেন।

চুক্তিভিত্তিক নিয়োগে অনিয়ম--দুর্নীতি, প্রশাসনে দলীয়করণ এবং তা বাস্তবায়ন, সরকারি সম্পদ পানির দরে বিক্রি, পছন্দের লোকদের কাজ পাইয়ে দেওয়াসহ বিগত সরকারের স্বেচ্ছাচার সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন নূরুল ইসলাম।

সরকারের ওপর হাওয়া ভবনের প্রভাব ও নিয়ন্ত্রেণের প্রসঙ্গও ছিল তার সাক্ষাৎকারে। তিনি জানান, দুর্নীতি ধামাচাপা দেওয়ার ব্যাপারে হাওয়া ভবনের প্রচ্ছন্ন ইঙ্গিত থাকলে খালেদা জিয়া নীরব থাকতেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া তার ছেলে, ভাই ও অন্য আত্মীয়স্বজনদের প্রতি ছিলেন প্রায় অন্ধ। তাদের অন্যায় আবদার পূরণ না হওয়া পর্যন্ত তিনি অস্থির থাকতেন। তার সন্তান ও আত্মীয় বাৎসল্য প্রায়ই প্রধানমন্ত্রীর দায়িত্বের বাধ্যবাধকতাকে অতিক্রম করে যেত।

দুর্নীতি দমনে কার্যকর আইন পাশ হলে পরবর্তী সরকার তার ও তার পরিবারের বিরুদ্ধে এই আইনের আলোকে ব্যবস্থা নেবে এই ভেবে দুর্নীতি দমন কমিশনকে অকার্যকর করে রাখা হয় বলেও দাবি করেন সাবেক এই আমলা।

চার শ্রেণীর ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের ঘনিষ্ঠ চার শ্রেনীর ব্যক্তি গত পাঁচ বছরে সংঘটিত দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এরা হলেন, এক. সিদ্ধান্ত গ্রহণকারী মন্ত্রী ও সরকারি কর্মকর্তা। দুই. সিদ্ধান্ত গ্রহণকারী মন্ত্রী ও সরকরি কর্মকর্তাদের ওপর অবৈধ প্রভাব বিস্তারকারী মন্ত্রীর ছেলে, ভাই, আত্মীয়স্বজন। তিন. সংসদ সদস্য ও চার. পেশাদার তদবিরকারক, সুবিধাভোগী ও দালাল শ্রেণী।”

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “হাওয়া ভবনের প্রচ্ছন্ন ইঙ্গিত থাকলে দুর্নীতি সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে যাই থাকুক প্রধানমন্ত্রীকে অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হতে বিরত থাকতে দেখা যেত। অনেক সময় কোনো মন্ত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশিত হলে অন্য মন্ত্রীরা তার সমর্থনে এগিয়ে আসতেন।”

নূরুল ইসলাম বলেন, জোট সরকারের বিগত পাঁচ বছরে বেশিরভাগ সময়ই দেখা গেছে, বেশ কয়েকজন মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের সহায়তা নিয়েই সরকারি অর্থ--সম্পদ লুটপাট করেছেন। এসব দুর্নীতিপরায়ণ ব্যক্তির কেউ কখনো কোনো অসুবিধায় পড়লে তাকে উদ্ধারে সম্মিলিতভাবে বাকিদের নেমে পড়তেও দেখা গেছে।

উদাহরণ হিসাবে তিনি খাদ্য মন্ত্রণালয়ের গম কেনা ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিত্যক্ত গ্যাসফিল্ড বরাদ্দ ও যোগাযোগ মন্ত্রণালয়ের সিএনজি দুর্নীতির কথা বলেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যন্ত্রপাতি কেনা, বিদ্যুৎ বিভাগের বৈদ্যুতিক খুটি--ট্রান্সফরমার কেনার সময়ও দুর্নীতি হয়েছে বলে তিনি জানান।