২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হাজার কর্মী ছাঁটাই করছে বিমান

লোকসান কমাতে প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘গোল্ডেন হ্যান্ডশেক’ এর মাধ্যমে এসব জনবল ছাঁটাইয়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার সংস্থাটিকে পরামর্শ দিয়েছে। বিমানের একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 04:52 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেন নফহবংি২৪.পড়সকে বলেন, “গোল্ডেন হ্যান্ডশেকের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। এটি বাস্তবায়ন করতে আরও কিছুদিন সময় লাগতে পারে।”

এর বাইরে তিনি আর কিছু জানাতে রাজি হননি।

নাম প্রকাশ না করা শর্তে বিমানের আরেক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমাদের উড়োজাহাজের সংখ্যা মাত্র ১৩টি। এর মধ্যে দু’তিনটি আবার প্রায়ই বিকল পড়ে থাকে। ছোট্ট এয়ারলাইন্সটির জন্য প্রায় পাঁচ হাজার কর্মকর্তা--কর্মচারীর কোনো প্রয়োজন নেই। এজন্য শেষ পর্যন্ত আমাদের গোল্ডেন হ্যান্ডশেক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। লোকসান কমিয়ে আনতে এর বিকল্প নেই।”

সিঙ্গাপুর এয়ারলাইন্সের উদাহরণ দিয়ে তিনি বলেন, “এশিয়ার বিখ্যাত এই এয়ারলাইন্সটির উড়োজাহাজের সংখ্যা ৯০টি। তারা ৩৫টি দেশের ৬০টি শহরে ফ্লাইট চালায়। অথচ তাদের লোকবল ৩০ হাজার।”

বিমানের একটি সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে একবার গোল্ডন হ্যান্ডশেকের উদ্যোগ নেওয়া হলেও আন্দোলনের হুমকির সেটি বাতিল করা হয়।

সূত্র জানায়, গত অর্থবছরে বিমান রেকর্ড পরিমাণ ১২ কোটি মার্কিন ডলার লোকসান দিয়েছে। এর আগের বছর লোকসান হয়েছিল প্রায় চার কোটি মার্কিন ডলার।

লোকসান কমিয়ে আনতে সংস্থাটি গত বছর টোকিও, নিউ ইয়র্ক, প্যারিস, ব্রাসেলস, ফ্রাঙ্কফুর্ট ও মুম্বাই ফ্লাইট বন্ধ করে দেয়। এখন মাত্র ২০টি আন্তর্জাতিক গন্তব্যে বিমানের ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এছাড়া, সম্প্রতি চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট ছাড়া বাকি চারটি অভ্যন্তরীণ রুটেও বন্ধ হয়ে গেছে বিমানের ফ্লাইট।