সাভারে একটি বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট
সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার একটি বাড়িতে রোববার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
রাতেই পুলিশের ঊদ্ধর্তন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাড়ির মালিক নাট্যকার রকিবুল হোসেন খন্দকার জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার এ ব্লকের ৯৮/১ নং ‘বাতায়ন’ বাড়ির কলিং বেল বাজলে গৃহকর্মি পারভীন আক্তার গেইট খুলে দেয়। এ সময় ২/৩ জন লোক শাহীন নামে একজনকে খোঁজ করে। এ নামে এ বাড়িতে কেউ থাকে না বলে জানালে তারা ধারালো ছোরা ধরে গৃহকর্তাকে জিম্মি করে।
রকিবুলের মেয়ে তাসরিন খন্দকার জানায়, ৭/৮ জনের ডাকাত দলের মধ্যে চারজন মুখোশ পরা ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আলমারি থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা, ২টি ক্যামেরা ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়।
এ ঘটনার কথা প্রশাসনকে জানানো হলে হত্যা করা হবে বলেও হুমকি দেয় ডাকাত দল।
টানা ১৫ মিনিট ডাকাতি শেষে সবাইকে একটি কক্ষে আটকে রেখে চলে যাওয়ার সময় টেলিফোন সেট ভেঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যায় ডাকাত দলটি।
ডাকাতির খবর পেয়ে ঢাকা জেলা সহকারি পুলিশ সুপার (সাভার সার্কেল) মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের চারটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাত সাড়ে ১০ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার নজমুল আহসানও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
