২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদ করা বস্তিবাসীদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে উচ্ছেদ করা বস্তিবাসীদের পুনর্বাসনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 02:06 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সোমবার পূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন,“জরুরি ভিত্তিতে প্রকল্প হাতে নেওয়া হবে। এজন্য সরকারের পক্ষ থেকে জমির ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গায় না হলে একাধিক জায়গায় তাদের পুনর্বাসন করা হবে।”

উপদেষ্টা জানান, বস্তিবাসীদের কাজে আসার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তাই ঢাকার খুব কাছাকাছিই আবাসনের ব্যবস্থা করা হবে বলে জানান।

প্রকল্পটি বাস্তবায়নে তিনটি বেসরকারি সংস্থা এনজিও ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র এবং কোয়ালিশন ফর আরবান পুউর (কাপ) সহায়তা করবে।

নগরবিদ অধ্যাপক নজরুল ইসলামকে আহবায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিউল আলম, পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আখতার আহমেদ, কোয়ালিশন ফর আরবার পুউর (কাপ) এর নির্বাহী পরিচালক মোস্তফা কাইয়ুম খান, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ সালমা শফি এবং তানভীর নেওয়াজ। কমিটি আগামী বৃহস্পতিবার উল্লিখিত তিনটি এনজিওর সঙ্গে বৈঠক করবে।

এক প্রশ্নের উত্তরে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “বড় বস্তি উচ্ছেদের জন্য এ সংক্রান্ত গঠিত কমিটির কাছ থেকে অনুমতি নিতে হবে। কেননা বস্তি উচ্ছেদের সঙ্গে মানবিক বিষয়টি জড়িত।”

বস্তি ছাড়া অন্য সব অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ অব্যাহত থাকবে বলে জানান পূর্ত উপদেষ্টা।

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকার আশেপাশের খাস জমি খোঁজা হচ্ছে আবাসনের জন্য। ১২ বছর থাকার পর কিস্তির মাধ্যমে ওই জায়গা স্থায়ী বরাদ্দ দেওয়া যায় কিনা সে বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে বৈঠকে।

সূত্রটি আরও জানায়, বর্তমান সরকারের মেয়াদে ঢাকা শহরের ২৪ টি বস্তি উচ্ছেদ করা হয়েছে। এতে ১০ হাজার পরিবারের ৫০ হাজার সদস্য এখন গৃহহীন অবস্থায় রয়েছে। পুনর্বাসনের সময় যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরাই প্রাধান্য পায় সে বিষয়টি পর্যবেক্ষণ করবে এনজিওগুলো।