২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক সেনা সদস্য গ্রেপ্তার

এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে হাটহাজারী থানা পুলিশ এক সেনা সদস্যসহ ৭ জনকে রোববার দুপুরে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 11:19 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

গ্রেপ্তারকৃত সেনা সদস্যের নাম আমির হোসেন (৩২)। তিনি কর্পোরাল হিসেবে চট্টগ্রাম সেনা নিবাসে কর্মরত বলে জানা গেছে। 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপালনরত এস আই আরিফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের পর অপহরণের দায়ে আটক সেনা সদস্য আমির হোসেনকে আইন অনুযায়ী সোমবার সেনা বাহিনীর কাছে  হস্তান্তর করা হবে। বাকিদের আদালতে প্রেরণ করা হবে।

অপহরণের দায়ে আটক অপর ব্যক্তিরা হলেন- আমির হোসেনের ভাই আব্দুল হালিম, আবদুস সালাম, মোহাম্মদ বাচ্চু, মো. মঞ্জু, মো. আলমগীর ও মো. জাহাঙ্গীর। 

পুলিশ জানায়, হাটহাজারীর ফতেয়াবাদের বটতলী এলাকায় মো. রাশেদ নামে এক যুবককে শনিবার অপহরনের পর আমির হোসেনের নেতৃত্বে এই দলটি চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহরনের পর অপহরণকারীরা পরিবারের সদস্যদের কাছে মোবাইলে ফোন করে চার লাখ টাকা দাবি করে।

পরে রাশেদের বড় ভাই মো. মনছুর হাটহাজারী থানায় শনিবার একটি অপহরণ মামলা মামলা করেন।

হাটহাজারী থানা পুলিশ মোবাইল ফোন  নম্বরের সূত্র ধরে রোববার সকালে নগরীর মাঝিরঘাট এলাকা থেকে আব্দুস সালাম, মো. জাহাঙ্গীর, আলমগীর ও মঞ্জুর নামে চারজনকে গ্রেপ্তার করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সেনা সদস্য আমির হোসেনসহ আরো তিনজনকে নগরীর বায়েজিদ থানাধীন ড্রিম ল্যান্ড আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরিফ হোসেনের নেতৃত্বে দলটি অপহৃত রাশেদকেও উদ্ধার করে।

এস আই আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অপহরণের এই ঘটনার পরিকল্পনা থেকে সবকিছু হয়েছে আমির হোসেনের নেতৃত্বে।

তবে জিজ্ঞাসাবাদে আমির হোসেন পুলিশকে বলেছে, তার এক ভাইকে বিদেশ নেবার কথা বলে রাশেদ দুই লাখ টাকা নিয়েছিল। পরে বিদেশ নিতে না পারায় এক লাখ ২০ হাজার টাকা শোধ করে। বাকি আশি হাজার টাকার জন্য রাশেদকে তারা ধরে নিয়ে যায়।